হোম খেলাধুলা কার্ডের গ্যাড়াকলে সুইসদের বিপক্ষে মাঠে নামা হচ্ছে না রোনালদোর

খেলাধূলা ডেস্ক :

সুপার সানডেতে পর্তুগালকে আতিথ্য দেবে সুইজারল্যান্ড। কার্ড জটিলতা থাকায় এ ম্যাচে খেলবেন না পর্তুগিজ সুপার স্টার ক্রিস্টিয়ানো রোনালদো। তারপরও ছন্দ ধরে রেখে লিগে টানা তৃতীয় জয় পেতে চায় সান্তোসের দল।

জেনেভায় ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় রাত পৌনে ১টায়। উয়েফা নেশন্স লিগের অন্য ম্যাচে, একই সময় স্পেনের বিপক্ষে লড়বে চেক প্রজাতন্ত্র।

কাতার বিশ্বকাপের প্রস্তুতিটা বেশ ভালোভাবেই সেরে নিচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। সবশেষ তিন ম্যাচে অপরাজিত সেলেকাওরা। তবে নেশন্স লিগে শুরুটা স্পেনের বিপক্ষে ড্র দিয়ে হলেও, এরপর টানা দুই জয় পেয়ে বেশ আত্মবিশ্বাসী ফার্নান্দো সান্তোসের দল।

এবার ফিরতি পর্বে পর্তুগিজদের প্রতিপক্ষ সুইজারল্যান্ড। ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ দুইয়ের শীর্ষে পর্তুগাল। অন্যদিকে, সমান ম্যাচ খেলে এখন পর্যন্ত জয়ের দেখা না পেয়ে টেবিলের তলানিতে সুইসরা।

কাগজে কলমে কিংবা শক্তিমত্তার বিচারে সুইসদের চেয়ে এগিয়ে পর্তুগিজরা। পরিসংখ্যানও কথা বলছে তাদের পক্ষে। দু’দলের ১৪ বারের দেখায় পর্তুগালের ৬ জয়ের বিপরীতে সুইজারল্যান্ডের জয় ৪টি। লিগের প্রথম দেখায় রোনালদোর দুর্দান্ত পারফরম্যান্সে সুইজারল্যান্ডকে ৪-০ গোলে উড়িয়ে দেয় সেলেকাওরা। সেই জয়ের অনুপ্রেরণা সঙ্গী করে এবারও জয় পেতে বদ্ধপরিকর সান্তোসের শিষ্যরা।

স্বস্তির খবর দলে কোনো ইনজুরি নেই। তবে কার্ড জটিলতা থাকায় এ ম্যাচে খেলবেন না পর্তুগিজ সুপার স্টার ক্রিস্টিয়ানো রোনালদো। সেই সঙ্গে পেপে- রাফায়েল -মৌতিনহোদের সার্ভিস মিস করবে দল। তারপরও আক্রমণভাগে আন্দ্রে সিলভা ফেরায় স্বস্তিতে কোচ ফার্নান্দো সান্তোস।

এদিকে নেশন্স লিগের রাতের অন্য ম্যাচে স্পেনের মুখোমুখি হবে চেক প্রজাতন্ত্র। ৩ ম্যাচে এক জয় আর ২ ড্রয়ে ৫ পয়েন্ট নিয়ে গ্রুপ দুইয়ের দ্বিতীয় স্থানে রয়েছে স্পেন। সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে তিনে চেক প্রজাতন্ত্র।

যদিও নেশন্স লিগের শুরুটা তেমন ভালো হয়নি স্প্যানিশদের। পর্তুগালের বিপক্ষে ড্র দিয়ে শুরু হয় লা রোজাদের মিশন। কিন্তু পরের ম্যাচে চেক প্রজাতন্ত্রের কাছে হোঁচট খায় লুই এনরিকের দল। তবে সবশেষ ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে জয় পাওয়ায় নির্ভার স্প্যানিশরা।

সপ্তাহের ব্যবধানে আবারো চেকদের বিপক্ষে মাঠে নামছে স্পেন। ইতিবাচক ফুটবল উপহার দিয়ে এ ম্যাচে জয় ছাড়া ভিন্ন কিছু ভাবছে না সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা।

এদিকে, দলে তেমন ইনজুরি নেই। আলভারো মোরাতার জায়গায় শুরুর একাদশ থাকছেন মার্কো অ্যাসেনসিও। সেই সঙ্গে ফেরান তোরেস-আলানসোদের ওপর আস্থা রেখেছেন লুই এনরিকে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন