কিশোরগঞ্জ প্রতিনিধি :
কিশোরগঞ্জের করিমগঞ্জে পানিতে ডুবে আফাজ (৮ ) ও লামিম (৭) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৩১ মে) বিকেলে উপজেলার গুজাদিয়া ইউনিয়নের টামনি- আকন্দপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। আফাজ ওই গ্রামের মালয়েশিয়া প্রবাসী কবির উদ্দিনের ছেলে ও লামিম আব্দুর রশিদের ছেলে।
জানা যায়, বিকেলে বাড়ির পাশে আফাজ ও লামিম খেলা করছিল। এক পর্যায়ে গজারিয়া খালের পানিতে পড়ে যায় তারা। বাড়ির লোকজন অনেক খোঁজা খুঁজির পর খাল থেকে তাদের উদ্ধার করে।
পরে চিকিৎসার জন্য করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক শিশুদের মৃত ঘোষণা করেন। করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও.সি) মোঃ মমিনুল ইসলাম সাংবাদিকদের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
