নড়াইল অফিস :
ওস্তাদ মমতাজ আলী খান লোকশিল্পী পদক-২০২২ পেলেন নড়াইলের লোকজ শিল্পী প্রতুল হাজরা। গত দুই বছর করোনায় বন্ধ থাকায় এবছর একই সাথে লোকসংগীতে অবদান রাখায় ২০২০, ২০২১ সালের আরো দুই গুনী শিল্পীকে পদক প্রদান করা হয়। গত শনিবার (১১ জুন) ওস্তাদ মমতাজ আলী খান সংগীত একাডেমীর আয়োজনে বাংলাদেশের তিনজন শিল্পীকে এ পদক দেওয়া হয়।
একাডেমীর জুরি বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক মমতাজ আলী খান লোকশিল্পী ২০২০ পদক পেয়েছেন কুমিল্লার বাউল সাধক জাহাঙ্গীর দেওয়ান , ২০২১ লোকশিল্পী পদক পেয়েছেন নেত্রকোনার গীতিকবি মির্জা রফিকুল হোসেন এবং ২০২২ লোকশিল্পী পদক পেয়েছেন নড়াইলের কৃতি সন্তান শিল্পী প্রতুল হাজরা।
ঢাকার বারিধারায় ওস্তাদ মমতাজ আলী খান সংগীত একাডেমির নিজস্ব কার্যালয়ে শিল্পীদের হাতে পদক তুলে দেন ওস্তাদ মমতাজ আলী খান একাডেমির সভাপতি কন্যা রুপু খান । এ সময় বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংস্কৃতিক বিষয়ক উপ কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জয়ন্ত আচার্য, একাডেমির ঊর্ধ্বতন কর্মকর্তা, শিল্পীগন, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক,শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ওস্তাদ মমতাজ আলী খানের কন্যা রুপু খান জানান, লোকসংগীত চর্চা প্রচার ও প্রসারের জন্য আমরা বাংলাদেশের তিন গুণী শিল্পীকে পদক দিতে পেরে খুবই আনন্দিত। আমরা চাই লোকসংগীত চর্চা সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ুক।
নড়াইলের লোকজ শিল্পী প্রতুল হাজরা বলেন, আমি কৃতজ্ঞ জুরি বোর্ডের কাছে, যে সকল গুণী মানুষ আমাকে যোগ্য মনে করে এত বড় একটি পদক দিয়েছেন, এত বড় একটি সম্মাননা আমার কাছে খুব গর্বের। আমি বিশ্বাস করি লোকসংগীত চর্চা দিন দিন আরো বৃদ্ধি পাবে।
মোস্তফা কামাল,নড়াইল ১২-০৬-২০২২
