হোম জাতীয় ওমিক্রনের নতুন উপ-প্রজাতি ঠেকাতে বন্দরগুলোতে বিশেষ ব্যবস্থা: মন্ত্রিপরিষদ সচিব

জাতীয় ডেস্ক :

ওমিক্রনের নতুন উপ-প্রজাতি বিএফ-৭ এর সংক্রমণ ঠেকাতে চীনসহ চার দেশ থেকে বাংলাদেশে আসা যাত্রীদের স্থল, নৌ ও বিমানবন্দরে বিশেষ পরীক্ষা করার নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

এর আগে সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়।

মন্ত্রিসভা বৈঠকে কোভিড পরিস্থিতি নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘কোভিডের বিষয়ে আমরা সচিবদের সভায় বিস্তারিত আলোচনা করেছি। সেটাই আজ মন্ত্রিসভা ও প্রধানমন্ত্রীকে আমরা অবহিত করেছি।’

তিনি বলেন, ‘আমাদের প্রথম পদক্ষেপ আমরা যেটা নিয়েছি, সেটা হলো আমাদের বিমানবন্দর, স্থলবন্দর ও নৌবন্দর যেগুলো আছে, সেগুলোতে যে দেশগুলোতে বিশেষ করে এই নতুন ভ্যারিয়েন্ট দেখা যাচ্ছে সে দেশের নাগরিক যারা আসবেন তাদের আলাদাভাবে পরীক্ষা করে তবেই ঢোকানো হচ্ছে।’

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘গতকাল এ নির্দেশনা জারির পরে ঢাকায় বিমানবন্দরের চারটি বুথে এ কার্যক্রম শুরু হয়েছে এবং চারজনকে আইসোলেশনে নেয়া হয়েছে। আমরা ইমিডিয়েট অ্যাকশনে চলে গিয়েছি এবং কাজ শুরু করেছি।’

কবির বিন আনোয়ার বলেন, ‘আমাদের এটা ছিল। তবে প্রকোপ কমে যাওয়ার কারণে স্থগিত ছিল, এখন আমরা এগুলো আবার চালু করছি। এটা মূলত চারটি দেশের কথা আমরা জানি। এর মধ্যে চীন আছে। তবে অন্য দেশগুলোর নাম এই মুহূর্তে বলতে পারছি না।’

সম্পর্কিত পোস্ট

মতামত দিন