জাতীয় ডেস্ক :
এসএসসি ২০২২ ব্যাচের সিলেবাস ৭০ ভাগ কমিয়ে ৩০ ভাগ করার দাবিতে ঢাকার সাভারে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। পরে পুলিশের আশ্বাসে প্রায় আধাঘণ্টা পর সড়ক ছেড়ে দেন তারা।
বৃহস্পতিবার (০২ ডিসেম্বর) দুপুর একটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর বাসষ্ট্যান্ড এলাকায় বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।
এসময় আমিন মডেল টাউন স্কুল অ্যান্ড কলেজ, টাঙ্গাইল রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ, আমিন ক্যাডেট একাডেমি, এম এ সালাম ইন্টারন্যাশনাল স্কুল, মাতুব্বর মুজিব স্কুলের প্রায় তিন শতাধিক ছাত্র-ছাত্রী বিক্ষোভে অংশ নেয়।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানায়, মহামারি করোনা ভাইরাসের কারণে এসএসসি ২০২২ এর ব্যাচের শিক্ষার্থীরা তেমন পড়াশোনা সুযোগ পায়নি। ইতোমধ্যেই তাদের সিলেবাস ৩০ শতাংশ কমানো হয়েছে। যা অল্প সময়ে পড়াশোনা করে শেষ করা অসম্ভব। তাই সিলেবাসে ৭০ ভাগ কমিয়ে ৩০ শতাংশ করার দাবিতে তারা মহাসড়ক বন্ধ করে দিয়ে মানববন্ধন ও বিক্ষোভ করে।
বিক্ষোভ চলাকালীন ঢাকা-আরিচা মহাসড়কের উভয় পাশ বন্ধ করে দেয় শিক্ষার্থীরা। এসময় মহাসড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের বুঝিয়ে সড়ক থেকে তুলে দিলে প্রায় ৩০ মিনিট পর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, শিক্ষার্থীরা মহাসড়ক বন্ধ করে বিক্ষোভ করার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এখন মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি।
