হোম খেলাধুলা এবার সাইফউদ্দিনকে তলব করল বিসিবি

খেলাধূলা ডেস্ক :

ইনজুরিতে থাকা অবস্থায় বোর্ড কোনো খোঁজ খবর নেয়নি গণমাধ্যমে এমন বক্তব্য দেওয়ায় ক্রিকেটার সাইফউদ্দিনকে তলব করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এদিকে নিজের বক্তব্যের জন্য দুঃখপ্রকাশ করেছেন সাইফউদ্দিন।

বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস গণমাধ্যমকে বলেন, সবচেয়ে অবাক হয়েছি সে নাকি বলেছে যে আমরা সাড়ে পাঁচ মাস তার কোনো খোঁজখবর নেইনি। তার এমন কথায় আমরা অবাক হয়েছি। পুনর্বাসনের পুরোটা সময় তার সঙ্গে যোগাযোগ রাখা হয়েছিল।

এমনকী পুনর্বাসনের সময় সে যখন তার গ্রামের বাড়ি ফেনীতে ছিল। আমরা তাকে বলেছিলাম তুমি প্রাকটিস কোথায় করতে চাও। সে নিজেই বলেছে সেখানেই সে করবে। তারপরও সে কীভাবে এমন কথা বলেছে। আমরা তাকে যখন এ ব্যাপারে জিজ্ঞেস করেছি সে বলেছে যে, হয়তো হতাশায় বলে ফেলেছে। অনেকদিন খেলতে পারছে না। তবে সে আমাদের সরি বলেছে। এখন এটা নিয়ে আমরা চিন্তাভাবনা করছি কী ব্যবস্থা নেওয়া যায়।

জালাল ইউনুস বলেন, আমাদের সুনির্দিষ্ট মিডিয়া প্রটোকল আছে। প্রত্যেকটা খেলোয়াড়ের সেটা মেনে চলা উচিত। কিন্তু দুর্ভাগ্যজনক যে, অনেকে মিডিয়ার সামনে প্রটোকলের বাইরে গিয়ে কথা বলে। যেটা উচিত না। আমরা মিডিয়া কমিটির চেয়ারম্যানের সঙ্গে আলাপ করব। যাতে অন্তত এটা বন্ধ করা হয়। এটা নিয়ে এবার আরও সিরিয়াস হব।

টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালেই চোটের কারণে দল থেকে ছিটকে গিয়েছিলেন। পুনর্বাসনে থাকায় ছিলেন না ঘরের মাঠে পাকিস্তান সিরিজ কিংবা বিপিএল বা সদ্য সমাপ্ত আফগানিস্তান সিরিজেও। দীর্ঘদিন বাইশগজের বাইরে থাকা টাইগার অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন মাঠে নামার প্রহর গুনছিলেন।

তবে দলে তুমুল প্রতিযোগিতা থাকায় কবে নাগাদ আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন হবে জানেন না এ ক্রিকেটার। শুরু হতে যাওয়া প্রিমিয়ার লিগ-ডিপিএলে আবাহনী লিমিটেডের হয়ে নাম লেখানো সাইফউদ্দিন টুর্নামেন্টটিতে ব্যাট ও বলে দ্যুতি ছড়িয়ে ফিরতে চান পুরনো ফর্মে। ম্যাচ বাই ম্যাচ এগোতে চান তিনি।

সর্বনাশা ইনজুরির থাবা যেন পিছু ছাড়ছে না সাইফউদ্দিনের। ক্যারিয়ারের শুরু থেকেই একের পর এক চোট তাকে যেন বারবার টেনে ধরছে। গেল টি-টোয়েন্টি বিশ্বকাপ ছিল তার জন্য অভিষেক বিশ্বকাপ। এক বুক স্বপ্ন নিয়ে পাড়ি জমিয়েছিলেন বিশ্ব আসর মাতাতে। কিন্তু মাঝপথেই চোটের থাবায় ভগ্নহৃদয়ে ছাড়তে হয় টুর্নামেন্ট। এরপর দীর্ঘ পাঁচ মাসের বেশি সময় পেরিয়ে গেলেও এখনো মাঠে ফিরতে পারেননি তিনি।

সময় সংবাদকে তিনি জানিয়েছিলেন, পুর্নবাসনের পুরোটা সময় আমি গ্রামের বাড়িতেই কাটিয়েছি। জাতীয় দল ঘরের মাঠে সিরিজে ব্যস্ত থাকায় আর বায়োবাবলের বিষয় থাকায় ঢাকায় আসিনি। এখন ডিপিএল খেলতে আবার ব্যাক করেছি। বলেন, বায়োবাবলের কারণে মিরপুরে সেভাবে প্রাকটিচ করতে পারতাম না। তাই এতদিন ফিরিনি।

অনেকদিন মাঠের বাইরে থাকায় সহসা যে জাতীয় দলে ফেরা হচ্ছে না সেই বাস্তবতা আগে থেকেই মেনে নিয়েছেন সাইফউদ্দিন। বলেন, আমি এখন জাতীয় দলে নেই, তাই জাতীয় দল নিয়ে ভাবনাও নেই। যদি দল মনে করে আমার প্রয়োজন, তখন আমি জাতীয় দল নিয়ে কথা বলব। এখন আবাহনীতে আছি, সব মনোযোগ এখানেই।

 

সম্পর্কিত পোস্ট

মতামত দিন