হোম ফিচার এবার ইমনের বিপরীতে পরীমনি, সঙ্গে ডিএ তায়েব

 

বিনোদন ডেস্ক :

এবার চিত্রনায়ক ইমনের বিপরীতে অভিনয় করছেন হালের আলোচিত চিত্রনায়িকা পরীমনি। চয়নিকা চৌধুরীর ‘কাগজের বউ’ সিনেমায় অভিনয় করছেন তারা। এ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছিলেন মাহিয়া মাহি।

অসুস্থতার কারণে সিনেমাটি ছেড়ে দিয়েছেন তিনি। তারপর যুক্ত হয়েছেন পরীমনি। ইমন-পরীমনির সঙ্গে থাকছেন ডিএ তায়েব। ১৭ ডিসেম্বর থেকে শুরু হয়েছে সিনেমাটি শুটিং।

শনিবার (১৮ ডিসেম্বর) সকালে নিজের ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বিষয়টি জানান দিয়েছেন চয়নিকা। তিনি বলেন, ‘শুটিংয়ের আগের দিন মাহি জানালেন তিনি অসুস্থ! শুটিং তারিখ পেছানোর জন্য অনুরোধ করলেন। কিন্তু আমি সব গুছিয়ে এনে আর পেছাতে চাইনি। সঠিক সময়েই কাজটা শুরু করেছি। তবে মনে মনে নায়িকা খুঁজছিলাম। খবরটি পরীমনি পায় হাসপাতালে শুয়ে। সেখান থেকে আজ (শনিবার) সকালে রিলিজ পেয়েই সোজা হাজির হয় আমার শুটিংস্পটে!’

‘কাগজের বউ’ সিনেমায় মুখ্য একটি চরিত্রে অভিনয় করছেন আবুল হায়াত। সামাজিক গল্পের এ সিনেমাটি দর্শকদের জন্য একটি বার্তা থাকবে বলেও জানান চয়নিকা চৌধুরী। এসজি প্রডাকশনে ব্যানারে এটি প্রযোজনা করছেন ডিএ তায়েব।

সিনেমাটি প্রসঙ্গে সরে যাওয়া প্রসঙ্গে স্ট্যাটাস দিয়েছিলেন মাহিয়া মাহি। লিখেছিলেন, ‘শারীরিক অসুস্থতার কারণে কাগজের বৌ হয়তো আমার করা হচ্ছে না। কিন্তু আমার পক্ষ থেকে কাগজের বৌয়ের জন্য অনেক অনেক দোয়া। সবাই আমার সুস্থতার জন্য দোয়া করবেন।’

শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করলেও স্বামী রাকিব সরকারকে নিয়ে দিব্যি ঘুরে বেড়াচ্ছেন এ অভিনেত্রী। সে ছবি শেয়ার করেছেন নিজের ফেসবুকে। শুটিংয়ের ঠিক আগে মাহির এমন সিদ্ধান্তকে অপেশাদার আচরণ বলেই মনে করছেন অনেকেই।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন