জাতীয় ডেস্ক :
দশ তলা ভবনের ৭২টি ফ্ল্যাটেই গ্যাসের অবৈধ সংযোগ, আর এর প্রতিটিই বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। রাজধানীর ডেমরা ও মাতুয়াইলসহ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি করা হয় জরিমানা।
প্রায় এক যুগের বেশি সময় ধরে বন্ধ আবাসিক গ্যাস সংযোগ দেওয়া। কিন্তু সংশ্লিষ্টদের চোখ ফাঁকি দিয়ে অবাধে চলছে অবৈধ গ্যাস সংযোগ। নারায়ণগঞ্জের ফতুল্লার একটি দশ তলা ভবনের ৭২টি ফ্ল্যাটেই পাওয়া গেছে অবৈধ গ্যাসের সংযোগ।
বুধবার (১৬ ফেব্রুয়ারি) সকালে গ্যাস সরবরাহকারী সংস্থা তিতাসের চলমান অভিযানে বিচ্ছিন্ন করা হয় অবৈধ এসব সংযোগ। করা হয় জরিমানাও।
এ সময় একটি বৈধ সংযোগ থেকে ১৪টি লাইন নেওয়ায় বাড়ির মালিককে নগদ ১ লাখ টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিট্রেট জাহাঙ্গীর হোসেন বলেন, ‘আমরা অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করেছি। মালিককে পাইনি। এ বিষয়ে আমরা নিয়মিত মামলা করব। আরও দুটি ছোট ছোট অবৈধ সংযোগ ছিল। এক জায়গায় ২টি এবং অন্য জায়গায় ১৪টির মতো অবৈধ সংযোগ ছিল। ওই ১৪টিই ডাবল চুলা। সেগুলো বিচ্ছিন্ন করা হয়েছে। ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রাজধানীর গুলশান, কেরানীগঞ্জসহ বিভিন্ন এলাকায় অবৈধ সংযোগের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে তিতাস।
