বিনোদন ডেস্ক :
রণবীর সিং-এর সিনেমা মানেই বলিউডে ভিন্ন কিছু। আর তা বক্স অফিসেও প্রবলভাবে প্রকাশ পায়, তবে সম্প্রতি তার মুক্তি পাওয়া বিগ বাজেট সিনেমা ‘৮৩’ মুখ থুবড়ে পড়েছে বক্স অফিসে। আশানুরূপ দর্শক হলে টানতে পারেনি রণবীর অভিনীত তারকা-বহুল এই সিনেমাটি।
আসছে ১৩ মে মুক্তি পাচ্ছে রণবীর সিং অভিনীত সিনেমা ‘জয়েসভাই জোরদার’ সিনেমাটি। ‘৮৩’ ফ্লপের পর এখন সবাই আশা করছেন, রণবীরের নতুন সিনেমা ভালো ফল নিয়ে আসবে বক্স অফিসে। ইতোমধ্যে মুক্তি দেওয়া হয়েছে এর টিজার।
রণবীরভক্তদের মতো এ ছবি নিয়ে আশাবাদী খোদ রণবীর সিং-ও। তার দেওয়া বক্তব্যেই উঠে আসে সেই প্রমাণ। সম্প্রতি ‘ফেমিনা বিউটিফুল ইন্ডিয়ান্স’-এর মঞ্চে হাজির হয়েছিলেন রণবীর। সেখানে তাকে তার আসন্ন সিনেমা নিয়ে প্রশ্ন করা হলে রণবীর জানান, ‘জয়েসভাই জোরদার’ নিয়ে বেশ আশাবাদী তিনি। রণবীর বলেন, ‘এটা এমন ছবি, যা সবাইকে কাঁদিয়ে ছাড়বে, তা না হলে টাকা ফেরত দেব।’
তা ছাড়া আগের এক সাক্ষাৎকারে জয়েসভাই জোরদার প্রসঙ্গে রণবীর হিন্দুস্তান টাইমসকে জানিয়েছিলেন, ‘চার্লি চ্যাপলিন বলেছিলেন, সত্যিকারের হাসতে হলে তোমাকে নিজের দুঃখকেও আপন করে নিতে হবে এবং সেটাকে নিয়ে খেলতে শিখতে হবে । জয়েসভাইয়ে ধরা পড়বে প্রতিকূল পরিস্থিতিতে এক সাধারণ মানুষের অসাধারণ কর্মযজ্ঞের গল্প, সে হিরো নয়। সে সংবেদনশীল, সহানুভূতিশীল এবং নারী-পুরুষের সমানাধিকারে বিশ্বাসী।’
এ সিনেমায় ‘ব্যান্ড বাজা বারাত’ পরিচালক মণীশ শর্মার সঙ্গে ফের একবার কাজ করেছেন রণবীর। রণবীর ছাড়াও এ সিনেমায় আরও দেখা যাবে ‘অর্জুন রেড্ডি’খ্যাত শালিনী পাণ্ডেকে। এ ছাড়াও থাকছেন বোমান ইরানি, রত্না পাঠক শাহর মতো তারকারাও।
