মোহাম্মদ আরীফুল ইসলাম, কিশোরগঞ্জ :
কিশোরগঞ্জের নিকলীতে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় প্রধান শিক্ষক লাঞ্ছিত হয়েছে। ঘটনার প্রতিবাদে বিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাশ ও চলমান এসএসসির নির্বাচনী পরীক্ষা বর্জন করে বিক্ষোভ করেছে।
আজ সোমবার (২৩ মে) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত উপজেলার দামপাড়া কারার মাহতাব উদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা সাদ মাহমুদ (২০) নামে এক বখাটের বিচারের দাবিতে এ বিক্ষোভ করে।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু হাসান বখাটে সাদ মাহমুদের বিচারের আশ্বাস দিলে পরীক্ষার্থীরা ফিরে যায়।
বিদ্যালয় সূত্রে জানা যায়, দামপাড়া গ্রামের সুমন মাহমুদের বখাটে ছেলে সাদ মাহমুদ তার বন্ধুদের নিয়ে কারার মাহতাব উদ্দিন উচ্চ বিদ্যালয়ের মাঠে গিয়ে মেয়েদের নিয়মিত উত্যক্ত, ছবি তোলা এবং অশ্লীল মন্তব্য করে আসছিল। মেয়েরা শিক্ষকদের বিষয়টি জানালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেন এসব ইভটিজিংয়ের প্রতিবাদ করেছিলেন।
এ ঘটনার জেরে রোববার (২২ মে) দুপুরে বখাটে সাদ মাহমুদ বিদ্যালয়ের অফিসের সামনে গিয়ে প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেনকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। এছাড়া অকথ্য গালাগালি ও বিদ্যালয় থেকে বের হলে প্রধান শিক্ষককে খুন করবে বলে হুমকি দেয়।
এ সময় বিদ্যালয়ের দপ্তরি ইসমাইল প্রতিবাদ করলে বখাটে সাদ মাহমুদ তার ওপর ক্ষিপ্ত হয়ে তাঁকে লোহার রড দিয়ে আহত করে।
প্রধান শিক্ষক বলেন, বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে বখাটে সাদের গ্রেপ্তার প্রয়োজন।
নিকলী থানার ওসি মো. মুনসুর আলী আরিফ বলেন, প্রধান শিক্ষকের অভিযোগ পেয়েছি। বিদ্যালয়ের শিক্ষার্থীদের শান্ত করা হয়েছে। অভিযুক্ত কে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
