ইবি প্রতিনিধি:
সমন্বিত গুচ্ছভুক্ত দেশের ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতক ২০২৫-২৬ শিক্ষাবর্ষের পদ্ধতির ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কেন্দ্রে ‘বি’ ইউনিট (মানবিক)-এর ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। এতে মোট ৯ হাজার ১৩৩ জনের মধ্যে উপস্থিত হয়েছেন ৭ হাজার ৯২৯ জন; উপস্থিতির হার ৮৬ দশমিক ৮২ শতাংশ (প্রায় ৮৭ শতাংশ)।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনায় সারাদেশে শুক্রবার (৩ এপ্রিল) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এমসিকিউ পদ্ধতিতে ১০০ নম্বরের এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবার গুচ্ছভুক্ত ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য ‘বি’ ইউনিটের পরীক্ষায় অংশ নিতে আবেদন করেন মোট ৯৩ হাজার ১৫৮ জন শিক্ষার্থী।
পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। এসময় উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মনজুরুল হক এবং ইবি কেন্দ্রের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার সমন্বয়কারী এবং আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মাদ নাজিমুদ্দিন এ সময় তার সঙ্গে ছিলেন।
এদিকে পরীক্ষার্থীদের নিরাপত্তা ও পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে প্রশাসনের পক্ষ থেকে বাড়তি নিরাপত্তা ও সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ক্যাম্পাসে পুলিশ, র্যাবের টহল দল ও আনসার সদস্য মোতায়েন ছিলো। ক্যাম্পাসে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এবং শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতায় প্রক্টরিয়াল বডির পাশাপাশি বিএনসিসি এবং রোভার স্কাউট গ্রুপ তৎপর ছিল। প্রশাসনের উদ্যোগে তথ্য ও স্বাস্থ্য কর্ণার থেকে শিক্ষার্থী ও অভিভাবকদের বিভিন্ন সেবা প্রদান করা হয়। প্রধান ফটকের সামনে দুই পাশে স্থাপিত ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোর স্টলগুলো থেকেও বিভিন্ন সেবা প্রদান করা হয়।
