আন্তর্জাতিক ডেস্ক :
ফিলিস্তিনি কর্তৃপক্ষের নেতা মাহমুদ আব্বাসের সঙ্গে ফোনে কথা বলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
সোমবার (১৮ এপ্রিল) ক্রেমলিনের বিবৃতি বলছে, এ সময়ে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে শান্তি আলোচনা নিয়ে তাদের মধ্যে আলাপ হয়েছে। খবর আলজাজিরার।
এতে আরও বলা হয়, পশ্চিমতীর ও পূর্বজেরুজালেমের উত্তেজনাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের বিভিন্ন বিষয় নিয়ে দুই নেতার মধ্যে আলোচনা হয়েছে।
এদিকে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা মস্কোতে বুলগেরিয়ার দূতাবাসের কয়েকজন কর্মীকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন। এর আগে মার্চে রাশিয়ার ১০ কূটনীতিককে বহিষ্কার করেছিল বুলগেরিয়া সরকার।
তবে কতজন বুলগেরীয়কে রাশিয়া ছাড়তে হবে, তা জানায়নি ক্রেমলিন। এছাড়া ইউক্রেনে মস্কোর বিরুদ্ধে লড়াই করা দুই ব্রিটিশ নাগরিককে রুশ টেলিভিশনে হাজির করা হয়েছে। এ সময়ে ইউক্রেনে আটক বিরোধীদলীয় এক রাজনীতিকের মুক্তির বিনিময়ে তাদের ছেড়ে দেওয়ার আহ্বান আহ্বান জানান তারা।
তবে শাউন পিনার ও আইডেন আসলিন নামের দুই ব্রিটিশ নাগরিক টেলিভিশনে কতটা স্বাধীনভাবে কথা বলেছেন, তা পরিষ্কার হওয়া যায়নি।
ইউক্রেনে ক্রেমলিনপন্থী রাজনীতিক ভিক্টর মেদভেদচুকের বিনিময়ে তাদের মুক্ত করতে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের কাছে তারা অনুরোধ জানিয়েছিলেন।
এর আগে আটক স্বামীকে মুক্ত করার জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সহায়তা চান ইউক্রেনের সবচেয়ে বড় বিরোধী দলটির নেতা ভিক্টর মেদভেদচুকের স্ত্রী ওকসানা মারচেনকো। চলতি সপ্তাহে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের কাছেও তিনি একই অনুরোধ জানিয়েছিলেন।
