হোম আন্তর্জাতিক ইউক্রেনে এবার পশ্চিমা অস্ত্রের গুদাম ধ্বংস করল রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক :

ইউক্রেনের পশ্চিমাঞ্চলের চোর্টকিভ শহরে রুশ বাহিনীর রকেট হামলায় সেখানকার একটি সামরিক স্থাপনা ধ্বংস হয়ে গেছে। এ হামলায় ১২ বছর বয়সী এক শিশুসহ ২২ জন আহত হয়েছে।

হতাহতের বিষয়টি অস্বীকার করলেও রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, চোর্টকিভ শহরে হামলা চালিয়ে ইউক্রেনে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর সরবরাহ করা একটি অস্ত্রের গুদাম ধ্বংস করে দেয়া হয়েছে। খবর বিবিসির।

ওই গুদামে অ্যান্টি-ট্যাংক মিসাইল সিস্টেম, বহনযোগ্য বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং গোলাবারুদ ছিল বলে জানিয়েছে রাশিয়ার সেনা সদস্যরা। তবে বিবিসি স্বাধীনভাবে এসব দাবির সত্যতা যাচাই করতে পারেনি।

এদিকে ইউক্রেনের সেভেরোদনেৎস্ক শহরে একটি রাসায়নিক কারখানায় রুশ বাহিনীর গোলাবর্ষণের পর আগুন লেগে গেছে। কারখানার ভেতরে আটকা পড়েছে অন্তত ৮০০ বেসামরিক নাগরিক। রুশ অভিযানের মুখে প্রাণ বাঁচাতে দোনবাস ছাড়ছে হাজারো মানুষ।

ইউক্রেনের পূর্বাঞ্চলে চলছে তীব্র লড়াই। রুশ বাহিনীর মুহুর্মুহু গোলাবর্ষণ চলছে সেভেরোদনেৎস্ক শহরে। শনিবার (১১ জুন) গোলার আঘাতে রেডিয়েটর থেকে কয়েক টন তেল লিক হওয়ার পর স্থানীয় একটি রাসায়নিক কারখানায় আগুন লেগে যায়। ওই রাসায়নিক কারখানার ভেতরে ভূগর্ভস্থ আশ্রয়কেন্দ্রে ইউক্রেনের যোদ্ধাদের সঙ্গে অন্তত ৮০০ মানুষ আটকা পড়েছে। খবর বিবিসির।

কারখানাটি থেকে যোদ্ধাদের সরিয়ে নেয়ার বিষয়ে আলোচনা করতে অস্বীকার করেছে রুশ বাহিনী। প্ল্যান্টটি তারা অবরুদ্ধ করে রেখেছে। দোনবাসে লড়াই তীব্র হওয়ায় শহর ছেড়ে প্রাণে বাঁচতে পালিয়ে যাচ্ছে হাজারো মানুষ। ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশ সামরিক অভিযানের মুখে শহরটির সব রেল ও বাস স্টেশনে এখন মানুষের ভিড়।

একদিকে যখন নিজ শহর ছেড়ে পালাচ্ছে মানুষ, তখন দখলে থাকা খেরসন ও মারিউপোল শহরের বাসিন্দাদের পাসপোর্ট দেয়া শুরু করেছে রুশ সরকার। রাশিয়ার গণমাধ্যমের দাবি, ওই সব এলাকায় মানুষ রুশ নাগরিকত্ব নিতে রাজি থাকায় তাদের পাসপোর্ট দেয়া শুরু হয়েছে।

তবে রাশিয়ার এমন কার্যক্রমের তীব্র নিন্দা জানিয়েছে ইউক্রেন। দেশটির দাবি, বাসিন্দাদের জোর করে রাশিয়ার নাগরিক বানানো হচ্ছে, যা আঞ্চলিক অখণ্ডতার প্রকাশ্য লঙ্ঘন। একই সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন প্রধানের কাছে রাশিয়ার ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা দেয়ার আহ্বান জানান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন