আন্তর্জাতিক ডেস্ক :
রাশিয়া ও ইউক্রেন সংকট তীব্রতর হওয়ায় ইউক্রেনে ভারতের দূতাবাস অস্থায়ীভাবে সরানো হচ্ছে। রোববার (১৩ মার্চ) পোল্যান্ডে স্থানান্তরের সিদ্ধান্ত ঘোষণা করেছে ভারত সরকার।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি এক টুইট বার্তায় বলেছেন, ‘পশ্চিমাঞ্চলে হামলাসহ ইউক্রেনের দ্রুত অবনতিশীল নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষিতে ইউক্রেনের ভারতীয় দূতাবাস অস্থায়ীভাবে পোল্যান্ডে স্থানান্তর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী পরিস্থিতির আলোকে বিষয়টি পুনর্মূল্যায়ন করা হবে।’
এর আগে আজ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইউক্রেনে চলমান সংঘাতের প্রেক্ষাপটে ভারতের নিরাপত্তা প্রস্তুতি এবং বিরাজমান বৈশ্বিক পরিস্থিতি পর্যালোচনা করতে নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির এক বৈঠকে সভাপতিত্ব করেন।
এদিকে ইউক্রেনের লিভভ অঞ্চলে অবস্থিত আন্তর্জাতিক শান্তিরক্ষী ও নিরাপত্তা কেন্দ্রে বিমান হামলা ও ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া। এতে নিহতের সংখ্যা বেড়ে ৩৫ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে অন্তত ১৩৪ জন। লিভভের গভর্নর এই তথ্য নিশ্চিত করেছেন। রোববার (১৩ মার্চ) গুঁড়িয়ে দেওয়া হয়েছে লিভভের কাছে অবস্থিত গুরুত্বপূর্ণ ওই সামরিক ঘাঁটি।
সংবাদমাধ্যম গার্ডিয়ান জানিয়েছে, রুশ সামরিক বাহিনী বিমান থেকে লিভভের সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। পাওয়া গেছে দফায় দফায় বিস্ফোরণের খবর। শহরটির সামরিক কর্মকর্তারা জানিয়েছেন, রুশ বাহিনী যুদ্ধবিমানের মাধ্যমে সেখানকার আন্তর্জাতিক শান্তিরক্ষা ও নিরাপত্তা কেন্দ্রে (আইপিএসসি) ৮টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। কেন্দ্রটি লিভভ শহর থেকে প্রায় ৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং পোল্যান্ড-ইউক্রেন সীমান্ত থেকে প্রায় ২৫ কিলোমটিার দূরে অবস্থিত।
চলমান যুদ্ধে এ পর্যন্ত ইউক্রেনের ১ হাজার ৩০০ সেনা নিহত হয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। একই সঙ্গে মারিওপোলে মানবিক বিপর্যয় ঠেকাতে পশ্চিমাদের প্রতি মানবিক সহায়তার আহ্বানও জানান তিনি।
