হোম খেলাধুলা আমি একাই সব সিদ্ধান্ত নেই: মুমিনুল

খেলাধূলা ডেস্ক :

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই টেস্টেই নাকানিচুবানি খেয়েছে বাংলাদেশ। মূলত টেস্ট ম্যাচে চোখে পড়েছে বাংলাদেশের ব্যাটারদের ব্যর্থতা। যেখানে রয়েছে বাংলাদেশের টেস্ট দলের অধিনায়ক মুমিনুল হকও। বিশেষজ্ঞরা বলছেন, অধিনায়কের ভুলের কারণেই টেস্টে এমন অবস্থা হয়েছে বাংলাদেশের। আর বাংলাদেশ দলের টেস্ট অধিনায়ক সাফ জানিয়ে দিয়েছেন, সিদ্ধান্তগুলো তিনি নিজেই নেন।

প্রথম টেস্টে টস জেতে বোলিং নেওয়ায় সমলোচনার মুখে পড়েছিলেন মুমিনুল। যেখানে শেষ দিকে স্পিন ধরবে, তা জেনেশুনেও কেনো এমন সিদ্ধান্ত নিলেন তা নিয়ে অনেক প্রশ্ন উঠেছে। তবে সেখানে কোচ ডমিঙ্গো মুমিনুলের পাশে দাঁড়িয়েছিলেন। তিনি বলেছিলেন, দলে অভিজ্ঞ ব্যাটার না থাকায় আগে ব্যাট করতে চাননি মুমিনুল।

তবে পরে অবশ্য বের হয়ে এসেছে বোলিং নেওয়ার পেছনে কোচদের চেয়ে মুশফিক ও তামিমের মতামতের গুরুত্ব ছিল বেশি মুমিনুলের কাছে। যে কারণে অধিনায়ক হিসেবে তার দায়িত্ব নিয়ে অনেক প্রশ্ন তুলেছেন সমর্থকরা।

তবে এবার তিনি নিজেই বিষয়টি পরিষ্কার করলেন। বুধবার (১৩ এপ্রিল) শাহজালাল বিমানবন্দরে মিডিয়ার মুখোমুখি হওয়া মুমিনুল বলেন, ‘এই জায়গায় আসার সিদ্ধান্তটা আমি নিজেই নিয়েছি। এখানে কিন্তু আপনারাও বলেন নাই বা ওয়াসিম ভাইও বলে নাই যে আসতে হবে, আমি নিজ থেকেই এসেছি। যেহেতু আমি দলের অধিনায়ক, সিদ্ধান্ত আমিই নিই। কেউ আমাকে জোর করে না, ওই ক্ষমতাটুকু আমার আছে। হয়তো আমি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথমে বোলিং নিয়ে হেরেছি বলে এই কথাটা এসেছে।’

এদিকে বাংলাদেশের পেসাররা তাদের কাজটা প্রথমে ঠিকভাবে করতে পারেনি বলে ম্যাচে ব্যাকফুটে চলে যায় বলে মনে করেন মুমিনুল। বাংলাদেশের টেস্ট দলের অধিনায়ক বলেন, ‘সমস্যা হয়েছিল আমাদের পেসাররা যখন নতুন বলে বোলিং করেছিল প্রথম ১০ ওভারে দুটি উইকেট বের করতে পেরেছিল কিন্তু দক্ষিণ আফ্রিকায় সেটা হয়নি। সে কারণে আমরা হয়তো ব্যাকফুটে চলে গিয়েছিলাম। পাঁচ দিনের খেলায় চার দিন খুব ভালো খেলেছি, আমরা দ্বিতীয় ইনিংসে খুব বাজে খেলেছি।’

 

সম্পর্কিত পোস্ট

মতামত দিন