হোম আন্তর্জাতিক আফগানিস্তানে বিমান চলাচলে সহযোগিতা করছে কাতার-তুরস্ক

আন্তর্জাতিক ডেস্ক :

তালেবানের ক্ষমতা গ্রহণের পর প্রথমবারের মতো আফগানিস্তানে অভ্যন্তরীণ ফ্লাইট চলাচল শুরু হয়েছে। কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের সংস্কার শেষে রোববার থেকে বিমান চলাচল শুরু হয়।

বিমান চলাচলে কারিগরি সহায়তা করছে কাতার ও তুরস্ক। শিগগিরই বাণিজ্যিকভাবে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল শুরু হবে বলে আশা কর্তৃপক্ষের।

গত মাসে গনি সরকারের পতনের পর থমকে যায় আফগানিস্তান। বন্ধ হয়ে যায় সবকিছু। ভেঙে পড়ে যোগাযোগব্যবস্থা। বন্ধ হয়ে যায় সব ধরনের ফ্লাইট চলাচল।

গত ১৫ আগস্ট তালেবান কাবুলের নিয়ন্ত্রণ নিলেও আন্তর্জাতিক বিমানের নিয়ন্ত্রণ ছিল মার্কিন সেনাদের কাছে। পরে ৩১ আগস্ট কাবুল বিমানবন্দর ছেড়ে যায় যুক্তরাষ্ট্র। সেই সঙ্গে শেষ হয় আফগানিস্তানে দীর্ঘ ২০ বছরের মার্কিন অভিযান।

তালেবানের ক্ষমতা গ্রহণের প্রায় এক মাস পর অবশেষে দেশটিতে পুনরায় অভ্যন্তরীণ ফ্লাইট চলাচল শুরু হয়। রোববার কাবুল বিমানবন্দর থেকে কয়েকজন যাত্রী নিয়ে উড্ডয়ন করে আফগানিস্তানের বেসরকারি এয়ারলাইন্স কোম্পানির একটি যাত্রীবাহী বিমান।

বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে, প্রথম দিন একটি ফ্লাইট চালু হলেও দিনে দিনে এই সংখ্যা আরও বাড়বে। অবকাঠামো সংস্করণের পর শিগগিরই আন্তর্জাতিক ফ্লাইট চালু হবে বলে আশা কর্মকর্তাদের।

হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দর মহাপরিচালক মৌলভী আব্দুল হাদি হামাদন বলেন, বিমানবন্দরের কার্যক্রম পুরোদমে চালু করতে কর্মীরা দিনরাত এক করে কাজ করছেন। আশা করছি, শিগগিরই বাণিজ্যিকভাবে আন্তর্জাতিক ফ্লাইটও শুরু হবে। যদিও মানবিক সহায়তার জন্য আমাদের বন্ধু রাষ্ট্রগুলো এখনো ফ্লাইট চালু রেখেছে। কিছু কারিগরি সমস্যা আছে। তবে দ্রুত সেগুলো সমাধান করা হচ্ছে। ৮৫ থেকে ৯০ শতাংশ কাজ এরই মধ্যে শেষ হয়েছে।

বর্তমানে কাবুল বিমানবন্দরে দুটি অভ্যন্তরীণ ও ৮টি আন্তর্জাতিক এয়ারলাইন্স কোম্পানি কার্যক্রম পরিচালনা করছে। তবে এখনো বাণিজ্যিকভাবে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা শুরু হয়নি।

তালেবানের বিমানবন্দর কার্যক্রম পরিচালনায় অভিজ্ঞ জনবল না থাকায় অবকাঠামো সংস্কার এবং কারিগরি সহায়তায় কাজ করছে কাতার ও তুরস্ক।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন