খেলাধূলা ডেস্ক :
অ্যাকটিভ ক্রিকেটারদের মধ্যে টেস্টে সবচেয়ে ভালো গড় অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথের। বৃহস্পতিবার (২৪ মার্চ) নতুন একটি রেকর্ডে নাম তুললেন তিনি। ক্রিকেটের অভিজাত ফরম্যাটে সবচেয়ে কম ম্যাচ ও ইনিংসে ৮ হাজার রান করার কীর্তি গড়েছেন তিনি।
পাকিস্তানের বিপক্ষে তৃতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে ১৭ রান করে আউট হয়েছেন স্মিথ। তাতে ৮৫ টেস্টের ১৫১ ইনিংসে ৮ হাজার ১০ রান হল তার। এই তালিকায় দ্বিতীয় স্থানে শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা। ৯১ ম্যাচের ১৫২ ইনিংসে আট হাজার রান পূর্ণ হয়েছিল তার।
শচীন টেন্ডুলকার ৮ হাজারি ক্লাবে পা রাখেন ৯৬ টেস্টের ১৫৪ ইনিংসে। স্মিথের রেকর্ডের দিন তার ব্যাটিং গড় নেমে এসেছে ষাটের নিচে। দীর্ঘ সাড়ে চার বছর পর এমন অধোগতি হলো তার। এর আগে সবশেষ ২০১৭ সালের সেপ্টেম্বরে ষাটের নিচে ছিল তার টেস্ট ব্যাটি গড়।
স্মিথের রেকর্ডের দিনে ৩ উইকেটে অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংস ঘোষণা করেছে। উসমান খাজা পেয়েছেন সেঞ্চুরির দেখা, হাফসেঞ্চুরি এসেছে ডেভিড ওয়ার্নারের ব্যাট থেকে। জবাবে এখন ব্যাট করতে পাকিস্তান। বিনা উইকেটে তাদের সংগ্রহ ৩৭ রান। জিততে বাবর আজমদের আরও দরকার ৩১৪ রান।
এ ম্যাচের প্রথম ইনিংসে ৩৯১ রান করে অজিরা। দলের হয়ে সেঞ্চুরির দ্বারপ্রান্তে গিয়ে আউট হন খাজা, ক্যামেরন গ্রিন ও অ্যালেক্স ক্যারে। খাজা ৯১, গ্রিন ৭৯ ও ক্যারে ৬৭ রান করে আউট হন। পাকিস্তানের হয়ে ৪টি করে উইকেট নেন শাহিন শাহ আফ্রিদি ও নাসিম শাহ।
পাকিস্তান প্রথম ইনিংসে অলআউট হয় ২৬৮ রানে। দলের হয়ে আবদুল্লাহ শফিক ৮১, আজহার আলি ৭৮ ও বাবর আজম ৬৭ রান করেন। অস্ট্রেলিয়ার হয়ে ৫ উইকেট নেন প্যাট কামিন্স। ৪ উইকেট পান মিচেল স্টার্ক।
