বিনোদন ডেস্ক :
কর ফাঁকি দিয়ে আইনি বিপাকে পড়েছেন জনপ্রিয় কলম্বিয়ান পপ গায়িকা শাকিরা। সম্প্রতি স্পেনের করফাঁকি দেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। ফলে ৮ বছরের জেলও হতে পারে শাকিরার।
বিশ্বের জনপ্রিয় এই শিল্পীর ২০১২ থেকে ২০১৪ সাল পর্যন্ত নিজের আয়ের ওপর ১৪.৫ মিলিয়ন ইউরো কর দেওয়ার কথা থাকলেও তাতে পুরোপুরি অস্বীকৃতি জানিয়েছেন শাকিরা। ফলে তার বিরুদ্ধে কর ফাঁকি দেওয়ার অভিযোগ তুলে মামলা করেছেন স্পেনের সরকারি আইনজীবীরা।
শুক্রবার (২৯ জুলাই) সরকারি আইনজীবীরা জানিয়েছেন, তারা আদালতের কাছে শাকিরার আট বছরের কারাদণ্ড চাইবেন। পাশাপাশি তারা এই পপ শিল্পীকে ২.৩৫ কোটি ডলারেরও বেশি জরিমানা দিতে আবেদন করবেন বলেও জানা গেছে।
আইনজীবীদের দাবি, বার্সেলোনার ফুটবল তারকা জেরার্ড পিকের সঙ্গে সম্পর্কে থাকাকালীন ২০১২ থেকে ২০১৪ সাল পর্যন্ত স্পেনে থেকেছেন শাকিরা। সেই হিসেবে স্পেন সরকারকে কর দিতে বাধ্য ছিলেন তিনি। তবে শাকিরার আইনজীবীর পক্ষ থেকে শাকিরা বাহামাসের করদাতা বলে প্রমাণ করার চেষ্টা করা হয়েছে।
এ বিষয়ে স্পেন সরকারের আইনজীবী শাকিরাকে বিষয়টি চুক্তির মাধ্যমে সুরাহা করার পরামর্শ দিলে তাতেও রাজি হননি তিনি। পাল্টা নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন শাকিরা এবং এ বিষয়ে আইনি লড়াই লড়বেন বলেও জানিয়েছেন তিনি।
তবে সরকারী আইনজীবীর প্রস্তাবিত সেই চুক্তির বিষয়বস্তু সম্পর্কে এখনো কিছুই সামনে আসেনি এবং তাদের মামলাটির শুনানির তারিখ এখনো জানানো হয়নি। তবে অভিযোগ প্রমাণিত হলে ৮ বছরের কারাদণ্ড হতে পারে শাকিরার।
প্রসঙ্গত, শাকিরা-পিকে দম্পতি সম্প্রতি এক আনুষ্ঠানিক বিবৃতি প্রদানের মাধ্যমে দুজনের ১২ বছরের সম্পর্কের ইতি ঘটান। যদিও তাদের বিচ্ছেদের কারণ হিসেবে জেরার্ড পিকের অবিশ্বস্ততাকেই দায়ী করেছেন তাদের ভক্ত-অনুরাগীরা।
তথ্যসূত্র: রয়টার্স
