আন্তর্জাতিক ডেস্ক :
উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ গুরুতর কোনো অপরাধ করেননি বলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে বলেছেন মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস মানুয়েল লোপেজ ওব্রাদর।
বাইডেনের সঙ্গে বৈঠকে তার এই মনোভাবের কথা জানান প্রেসিডেন্ট আন্দ্রেস। গেল সপ্তাহে মেক্সিকোর প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্র সফরে গিয়ে বাইডেনের সঙ্গে বৈঠক করেন। এ সময় অ্যাসাঞ্জকে আবারও আশ্রয় দেয়ার প্রস্তাব দেন লোপেজ। জুলিয়ান অ্যাসাঞ্জ বর্তমানে লন্ডনের একটি কারাগারে বন্দি। গুপ্তচরবৃত্তির অভিযোগে করা মামলায় তাকে বিচারের জন্য যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেয়ার তোড়জোড় শুরু করেছে যুক্তরাজ্য সরকার।
এর আগে বিকল্প সংবাদমাধ্যম উইকিলিকসের সহ-প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণের অনুমোদন দেয় যুক্তরাজ্য। শুক্রবার (১৭ জুন) এ প্রত্যর্পণের অনুমোদন দেন ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল। এর মধ্য দিয়ে যুক্তরাজ্যে অ্যাসাঞ্জের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগে দীর্ঘদিনের আইনি লড়াই শেষ হচ্ছে। প্রত্যর্পণের পর এবার যুক্তরাষ্ট্রে বিভিন্ন অভিযোগে তাকে বিচারের মুখোমুখি করা হবে। খবর দ্য গার্ডিয়ান ও সিএনএন।
এর আগে গত এপ্রিলে অ্যাসাঞ্জকে ওয়াশিংটনের কাছে প্রত্যর্পণের আনুষ্ঠানিক অনুমতি দেন যুক্তরাজ্যের একটি আদালত। ২০০৬ সালে উইকিলিকস চালু করেন অ্যাসাঞ্জ। এতে তিনি একের পর এক গোপন মার্কিন নথিপত্র প্রকাশ করতে থাকেন। ২০১০ সালের জুলাইয়ে উইকিলিকস আফগানিস্তানে মার্কিন অভিযানের প্রায় ৭০ হাজার নথি প্রকাশ করেছিল। এসব তথ্য পরে বিশ্ব গণমাধ্যমে প্রকাশিত হয়।
এ কারণে বিব্রত যুক্তরাষ্ট্র তার ওপর ক্ষুব্ধ হয়। এর পর থেকে গ্রেফতার এড়াতে সাত বছর ধরে যুক্তরাজ্যের ইকুয়েডর দূতাবাসে রাজনৈতিক আশ্রয় নেন জুলিয়ান অ্যাসাঞ্জ। সেখান থেকে ২০২০ সালের ১১ এপ্রিল তাকে গ্রেফতার করে লন্ডন পুলিশ।
