হোম জাতীয় অর‌ণ্য আনোয়ারের প্রথম সিনেমায় পরীমনি

জাতীয় ডেস্ক :

ছোটপর্দার জনপ্রিয় নির্মাতা অরণ্য আনোয়ার। এবার সিনেমা নির্মাণের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। মর্মান্তিক সত্য ঘটনা অবলম্বনে নির্মাণ করবেন নিজের প্রথম সিনেমা।

সিনেমার নাম ‘মা’। এরই মধ্যে চিত্রনাট্য সম্পন্ন করেছেন অরণ্য আনোয়ার নিজেই। তিনি জানান, ১৯৭১ সালে মৃত ঘোষণা হওয়া সাত মাসের সন্তানকে নিয়ে এক অসহায় মায়ের কাহিনী তুলে ধরা হবে সিনেমায়।

সেই মায়ের চরিত্রের জন্য ঢালিউডে লাস্যময়ী অভিনেত্রী পরীমনির ওপর ভরসা রেখেছেন অরণ্য আনোয়ার। পরীকে শুনিয়েছেন গল্প, করিয়েছেন চুক্তিবদ্ধ। ২৯ সেপ্টেম্বর (বুধবার) রাতে পরীমনি চুক্তিপত্রে স্বাক্ষর করেছেন। জানিয়েছেন পরিচালক ও অভিনেত্রী দুজনেই।

সিনেমাটি প্রসঙ্গে পরীমনি বলেন, ‘যখন শুনি কোনো নির্মাতা প্রথমবার ছবি নির্মাণ করতে চাইছেন, খুব ভালো লাগে। আমি সব সময় এমন নির্মাতাদের পাশে থাকতে চাই। এমন চরিত্রে আমি আর কাজ করিনি। আমার তো মা নেই। এবার সেই মায়ের চরিত্রেই অভিনয় করব। আশা করছি, নিজেকে ভাঙতে পারব।’

জানা গেছে, যৌথভাবে এ সিনেমাটি প্রযোজনা করবেন প্রকৌশলী পুলক কান্তি বড়ুয়া ও অরণ্য আনোয়ার। শিগগিরই সিনেমার বাকি চরিত্রগুলোর নাম প্রকাশ করা হবে। পরীমনির শিডিউল না থাকায় আসছে বছর জানুয়ারিতে শুটিংয়ের পরিকল্পনা করছেন অরণ্য আনোয়ার।

নির্মাতা বলেন, ‘গল্পটি আমি ও পুলক নিজেদের মধ্যে দীর্ঘ সময় লালন করছি। এতে সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্রটি হলো মায়ের। শুরু থেকেই বেশ সচেতন ছিলাম মায়ের চরিত্রটিকে ঘিরে। অবশেষে গল্পটি শোনালাম পরীকে। কিন্তু দ্বিধা ছিল, মায়ের চরিত্রে পর্দায় হাজির হবেন কি না। গল্পটি শোনানোর পর পরী যেভাবে গ্রহণ করলেন; তাতে আমি বিস্মিত ও মুগ্ধ।’

‘আমাদের নুরুল হুদা’, ‘জনক’ সহ অনেকগুলো ধারাবাহিক ও একক নাটক নির্মাণ করেছেন অরণ্য আনোয়ার। প্রায় তিন দশক ধরে নির্মাণের সঙ্গে যুক্ত তিনি। এবার সে অভিজ্ঞতা থেকেই সিনেমা নির্মাণের প্রস্তুতি নিয়েছেন অরণ্য আনোয়ার।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন