হোম ফিচার অভিনয়ে নাম লেখালেন প্রতিমন্ত্রী পলক

বিনোদন ডেস্ক :

তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবার পর্দায় আসছেন। ‘ফ্রিল্যান্সার নাদিয়া’ শিরোনামে একটি টেলিফিল্মে বিশেষ চরিত্রে অভিনয় করেছেন তিনি। এটি পরিচালনা করছেন ইমরাউল রাফাত।

তরুণ লেখক ও সাংবাদিক রাহিতুল ইসলামের উপন্যাস ‘ফ্রিল্যান্সার নাদিয়া’। এর নাম ভূমিকায় অভিনয় করছেন মেহজাবীন চৌধুরী। একজন মেধাবী ও সংগ্রামী গৃহবধূকে ঘিরে এগিয়েছে টেলিফিল্মটির গল্প। যে শ্বশুরবাড়ির সমস্যায় জর্জরিত; আর্থিক সচ্ছলতা আনতে প্রযুক্তি শিক্ষায় শিক্ষিত হয়ে একজন ফ্রিল্যান্সার হিসেবে গ্লোবাল মার্কেটপ্লেসে কাজ করা শুরু করে। কিন্তু এখানেই তার সংগ্রাম শেষ হয় না, জীবনে আসে এক অনাকাঙ্ক্ষিত মুহূর্ত। এমন ঘটনা নিয়ে নির্মিত হয়েছে টেলিফিল্মটি।

অভিনয় প্রসঙ্গে জুনাইদ আহমেদ পলক বলেন, দেশের বিভিন্ন গ্রামাঞ্চলে আমি যখন যাই এবং নারীদের সঙ্গে আমার কথাবার্তা হয়, তখন বুঝতে পারি তাদের বেশির ভাগই দাম্পত্য জীবনে দায়িত্বের অদৃশ্য শৃঙ্খলে আবদ্ধ জীবন-যাপন করছেন। তাদেরও ইচ্ছা হয় পড়ালেখা করে নিজেদের অবদান তুলে ধরতে। সেরকম একটি গল্প নিয়ে এ টেলিফিল্মটি।

নারীর ক্ষমতায়নের ওপর নির্মিত হয়েছে টেলিফিল্মটি। এর গুরুত্বপূর্ণ চরিত্রে আরও অভিনয় করছেন- সুদীপ বিশ্বাস দীপ, শামীমা নাজনীন প্রমুখ। ঈদুল ফিতরে টেলিফিল্মটি প্রচারের কথা রয়েছে।

 

সম্পর্কিত পোস্ট

মতামত দিন