মোংলা প্রতিনিধি :
নিয়মনীতির তোয়াক্কা না করে মাছ শিকার করতে অবৈধভাবে সুন্দরবনে ঢোকার অপরাধে ১১ জেলেকে আটক করেছে বনবিভাগ। শনিবার (১২ মার্চ) ভোরে পূর্ব সুন্দরবনের দুবলার ভাঙ্গাখাল এলাকা থেকে বনরক্ষীরা তাদের আটক করে। এসময় মাছ শিকারের কাজে ব্যবহৃত একটি ট্রলার ও কয়েকটি জালও জব্দ করেন বনরক্ষীরা।
আটক জেলেরা হলেন-সিরাজুল ঢালী (৩৮), আবু সাইদ (৪০), দিদারুল ইসলাম (৩৫), আবু সাইদ (৩৮), মোঃ জাহাঙ্গীর (৩৬), আবুল বাসার (৩৪), মোঃ ইয়ারুল (৩২), মোঃ হানিফা (৩৪), মাহাবুবুর রহমান (২২), মিজানুর রহমান (৪৫) ও মাসুম বিল্লাহ (৩২)। এদের সবার বাড়ি খুলানার কয়রা উপজেলায়। তাদের বিরুদ্ধে পিওআর (প্রশিকিউশন অফেন্স রিপোর্ট) মামলা দায়ের শেষে শনিবার সকালে বাগেরহাট আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়ছে। খুলনা জেলার কয়রা উপজেলার হাবিবুর রহমান নামে এক ব্যক্তি অবৈধভাবে এসব জেলেদের মাছ শিকার করতে পাঠিয়েছে বলেও প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক জেলেরা স্বীকার করেছেন।
সুন্দরবনের দুবলা ক্যাম্পের ওসি প্রহ্লাদ চন্দ্র রায়ের বরাত দিয়ে বন মামলার পরিচালক (এফসিসিও) ও বাগেরহাট সদর রেঞ্জ কর্মকর্তা মোঃ নুরুজ্জামান বলেন, এসব জেলেরা বনবিভাগের অনুমতি ছাড়া সুন্দরবনে মাছ শিকারে ঢুকে পড়ে। এসময় বনবিভাগের স্মার্ট পেট্রোলিং টিমের বনরক্ষীরা নিয়মিত টহলের সময় তাদের আটক করে। জেলেদের ট্রলারে এসময় কোন মাছ না পাওয়া গেলেও মাছ ধরার জাল পাওয়া যায়।
আটক জেলেরা সুন্দরবনের অভ্যন্তরে ঢোকার কোন অনুমতি পত্র দেখাতে পারেনি বলেও জানান বনকর্মকর্তা নুরুজ্জামান। পরে দুবলা ক্যাম্পের সহকারি কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম বাদী হয়ে তাদের নামে বন আইনে পিওআর (প্রশিকিউশন অফেন্স রিপোর্ট) মামলা করেন।
