নড়াইল অফিস :
নড়াইলে চারটি পরীক্ষা কেন্দ্রে ভুল প্রশ্ন আসে। এর মধ্যে একটি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়। অন্য তিনটি কেন্দ্রে প্রশ্ন বিতরণের আগেই নজরে আসে। তবে চারটি কেন্দ্রেই সঠিক প্রশ্ন দিয়ে যথাযথভাবে পরীক্ষা নেওয়া হয়েছে বলে দাবি করেছে কর্তৃপক্ষ।
কালিয়া উপজেলায় এসএসসি পরীক্ষা কেন্দ্রে বাংলা প্রথম পত্রের জায়গায় দ্বিতীয় পত্রের এমসিকিউ প্রশ্ন বিতরণ করা হয় পরীক্ষার্থীদের মাঝে। আজ বৃহস্পতিবার প্যারী শংকর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে।
এ ছাড়া এ উপজেলার বাঐসোনা কামশিয়া মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে এবং লোহাগড়া উপজেলার দিঘলিয়া নবগঙ্গা ডিগ্রি কলেজ কেন্দ্র ও ইতনা স্কুল এন্ড কলেজ কেন্দ্রে প্যাকেট খুলে বাংলা দ্বিতীয় পত্রের প্রশ্ন পাওয়া যায়। তবে এ তিনটি কেন্দ্র পরীক্ষার্থীদের মাঝে ওই প্রশ্ন বিতরণ করা হয়নি বলে দাবি করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
প্যারী শংকর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপ্তি রানী বৈরাগী জানান, আজ একটি প্যাকেটের ওপরে বাংলা প্রথম পত্র লেখা থাকলেও ভেতরে বাংলা দ্বিতীয় পত্রের প্রশ্ন ছিল। পরীক্ষার্থীদের মাঝে বাংলা দ্বিতীয় পত্রের সেই প্রশ্ন বিতরণ করা হয়। কিছুক্ষণ পরে পরীক্ষার্থীরা বলার পর সঙ্গে সঙ্গে তা গুছিয়ে নেওয়া হয়। তবে প্রথম পত্রের প্রশ্ন দিয়ে যথাযথভাবে পরীক্ষা নেওয়া হয়েছে।
লোহাগড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসরা আব্দুল হামিদ ভূঁইয়া বলেন, ‘লোহাগড়া উপজেলার ইতনা স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ও দিঘলিয়া নবগঙ্গা কলেজ কেন্দ্রে এমসিকিউ প্রশ্নে একটি করে প্যাকেটর ওপরে বাংলা প্রথম পত্র লেখা থাকলেও ভেতরে দ্বিতীয় পত্রের প্রশ্ন ছিল। প্যাকেট খুলে এটি দেখতে পান কেন্দ্র কর্র্তৃপক্ষ। তবে তা পরীক্ষার্থীদের মাঝে বিতরণ করার আগেই ধরা পড়ে। সঠিক প্রশ্ন দিয়েই পরীক্ষা নেওয়া হয়েছে।’
জেলা শিক্ষা অফিসার এস এম ছায়েদুর রহমান বলেন, ‘পরীক্ষা সঠিক প্রশ্ন দিয়ে যথাযথভাবে নেওয়া হয়েছে। যশোর শিক্ষা বোর্ড কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’
