হোম জাতীয় নেত্রকোনায় বিএনপির সম্মেলনের মঞ্চে আগুন

জাতীয় ডেস্ক :

নেত্রকোনার বারহাট্টা উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনের আগেই মঞ্চে হামলা চালিয়ে ভাঙচুর ও আগুন দেয়ার ঘটনায় পণ্ড হয়ে গেছে সম্মেলন। শনিবার (৩ সেপ্টেম্বর) বেলা তিনটার দিকে উপজেলা সদরের গোপালপুর এলাকার ফায়ার সার্ভিস মোড়ে এ সম্মেলন হওয়ার কথা ছিল।

বিএনপির নেতাকর্মীরা জানান, পূর্বনির্ধারিত উপজেলা বিএনপির সম্মেলন জেলা বিএনপির আহ্বায়ক আনোয়ারুল হকের উদ্বোধন করার কথা ছিল। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। সম্মেলনের প্রধান বক্তা ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক ওয়ারেছ আলী । বিএনপির নেতাকর্মীদের দাবি, সম্মেলন সফল করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছিলেন তারা।

এদিকে, শনিবার বেলা ১টার দিকে বারহাট্টা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মাঈনুল হক কাশেমের নেতৃত্বে আওয়ামী লীগের নেতা ও ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীদের হাতে লাঠিসোটা নিয়ে ওই এলাকায় টহল দিতে দেখা গেছে।

মাঈনুল হক কাশেম জানান, বিএনপি উপজেলা ফায়ার সার্ভিসের সাবস্টেশন এলাকায় সম্মেলনের নামে নাশকতা করার পরিকল্পনা করছিল। বিভিন্ন মোড়ে মোড়ে প্রধানমন্ত্রীকে কটূক্তি করে স্লোগান দিয়ে মিছিল নিয়ে জড়ো হচ্ছিল। আমরা তাদের প্রতিহত করেছি। আমরা একটা মিছিলও শহরে ঢুকতে দেইনি। মাঈনুল হক কাশেমের দাবি, কে বা কারা মঞ্চে আগুন দিয়েছে তা তিনি জানেন না।

হামলার নিন্দা জানিয়ে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম মনিরুজ্জামান বলেন, শান্তিপূর্ণভাবে সম্মেলনের প্রস্তুতি নেয়া হয়েছিল। কিন্তু তার আগেই সরকারদলীয় নেতাকর্মীরা মঞ্চ ভাঙচুর ও অগ্নিসংযোগ করে সম্মেলন পণ্ড করে দেয়। এ ঘটনার নিন্দা জানানোর ভাষা নেই।

এদিকে বারহাট্টা থানার মো. লুৎফুল হক বলেন, আমরা এমন কোনো অভিযোগ পাইনি। কেউ কিছু বলেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন