জাতীয় ডেস্ক :
বিএনপির উদ্দেশে প্রশ্ন ছুড়ে দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, বিদ্যুতের নামে যারা হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে তারা কীভাবে বিদ্যুৎখাতের সংস্কার করবেন।
‘ক্ষমতায় গেলে বিদ্যুৎখাতে ব্যাপক সংস্কার ও পরিবর্তন আনা হবে’– বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাম্প্রতিক এমন বক্তব্যের জবাবে জয় এ কথা বলেন। শুক্রবার (২ সেপ্টেম্বর) সজীব ওয়াজেদ জয় নিজের ফেসবুক পেজে শেয়ার করা একটি ভিডিও ক্যাপশনে এই মন্তব্য করেন।
সজীব ওয়াজেদ জয় বলেন, ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত ক্ষমতায় থাকাকালে বিএনপি ১ মেগাওয়াট বিদ্যুৎও উৎপাদন করতে পারেনি। বিদ্যুতের নাম করে ‘হাওয়া ভবনের’ সিন্ডিকেট চালু করেছে। সেখানে বসে দলটির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সারা দেশে খাম্বা পুঁতে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে বিএনপি। যারা বিদ্যুতের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে তারা কীভাবে বিদ্যুৎখাতের সংস্কার করবেন।
তিনি বলেন, বিএনপির একমাত্র অর্জন হলো ২০০৫ সালে ৩ সেপ্টেম্বর টঙ্গী পাওয়ার স্টেশন ওভারহোলিংয়ের মাধ্যমে সচল করা। এর আনুষ্ঠানিক ফলক উন্মোচন করেন তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। অথচ ফলক উন্মোচন করার পর বেগম জিয়ার আব্দুল্লাহপুর পৌঁছানোর আগেই পাওয়ার স্টেশনটি বন্ধ হয়ে যায়। অতীতে বিদ্যুতে তাদের উন্নয়নের এই হলো নমুনা।
প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা বলেন, জনসাধারণ ঠিকই বিএনপির উদ্দেশ্য বোঝে। তারা যে ফাঁকা বুলি আওড়ায় তা কারো অজানা নয়।
তিনি আরও বলেন, বিদ্যুৎখাত নিয়ে বিএনপির তর্ক প্রমাণ করছে তারা নিজেরাও নিজেদের অতীত সম্পর্কে জ্ঞান রাখে না। বিদ্যুৎখাতকে পুঁজি করে যারা হাজার কোটি টাকা লুটপাট করেছিল তারা কীভাবে সেই খাতের উন্নয়নে পরিকল্পনা করতে পারে।
