সংকল্প ডেস্ক :
সাতক্ষীরা বাইপাস সড়ক সংলগ্ন জলাশয় থেকে উদ্ধার হওয়া মাথাবিহীন লাশের পরিচয় মিলেছে। তার নাম ইয়াছিন আলী। বয়স আনুমানিক ৪২ বছর। বাড়ি সাতক্ষীরা শহরের সুলতানপুরে। পিতার নাম শাহাবাজ মোল্লা। ইয়াছিন আলী পেশায় ছিলেন চায়ের দোকানদার। চায়ের দোকানীর পাশাপাশি তিনি সাউন্ড সিস্টেমের ব্যবসাও করতেন বলে জানিয়েছেন নিহতের বড় জামাই বাদশা মিয়া।
বুধবার (৩১ আগষ্ট) সকাল সাড়ে ৮ টার দিকে পুলিশ তার লাশ উদ্ধার করে। এঘটনায় সাতক্ষীরা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান ও সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সাতক্ষীরা সদরের বকচরা গ্রামের ব্যবসায়ী নুরুজ্জামান সাংবাদিকদের জানান, বুধবার সকাল সাড়ে ৬টার দিকে তার মাছের ঘেরের দক্ষিণপাশে বাইপাস সড়কের উপর তাজা রক্ত ও সেখানে পড়ে থাকা একটি জুতা দেখে পথচারীরা ভিড় জমাতে থালেন। পরে তারা বাইপাস সড়কের পাশে লাগানো নেপিয়ার ঘাস বনের পার্শ্ববর্তী জলাশয়ে অনুমানিক ৪২ বছর বয়সী এক ব্যক্তির গলাকাটা লাশ দেখে তাকে খবর দেন।
তিনি ঘটনাস্থলে এসে সদর থানায় খবর দিলে পুলিশ সাড়ে ৮ টার দিকে ওই লাশ উদ্ধার করে।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ আব্দুল কায়ুম জানান, গলাকাটা লাশ উদ্ধার হলেও তার মাথা পাওয়া যায়নি। তবে, লাশের পরিচয় পাওয়া গেছে। নিহতের স্ত্রীকে জিঙ্গাসাবাদ করা হচ্ছে।
