হোম জাতীয় একইস্থানে আ.লীগ-বিএনপির সমাবেশ, চৌমুহনীতে ১৪৪ ধারা

জাতীয় ডেস্ক :

একই স্থানে বিএনপি ও আওয়ামী লীগের পাল্টাপাল্টি সমাবেশের ডাক দেয়ায় নোয়াখালীর চৌমুহনী পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। বুধবার (৩১ আগস্ট) ভোর ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত চৌমুহনী স্টেডিয়ামে ১৪৪ ধারা বলবৎ থাকবে।

মঙ্গলবার (৩০ আগস্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুন নাহার।

তিনি বলেন, বুধবার বিকেলে বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌর এলাকায় বাংলাদেশ আওয়ামী লীগ ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সভা ও সমাবেশের আহবান করেছে। দুদলের এ পাল্টাপাল্টি সভা সমাবেশকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই চৌমুহনী পৌর এলাকায় বুধবার ভোর ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে।

১৪৪ ধারা চলাকালে ওই এলাকায় যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনো ব্যক্তি, সংগঠন, রাজনৈতিক দলের গণজমায়েত, সভা সমাবেশ, মিছিল, বিক্ষোভ মিছিল, র‌্যালি এবং শোভাযাত্রা করতে পারবে না। চারজনের অধিক ব্যক্তি একসঙ্গে কোথাও জমায়েত হতে পারবে না। এ আইন অমান্যকারীদের বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ এর ১৪৪ ধারার বিধান মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রসঙ্গত, সারা দেশে বিদ্যুৎ, তেল, গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতি এবং ভোলায় ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলনেতা হত্যার প্রতিবাদে বুধবার নোয়াখালী বেগমগঞ্জের চৌমুহনী স্টেডিয়ামে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে উপজেলা বিএনপি নেতারা। বিএনপির এ কর্মসূচিকে প্রতিহত করার ঘোষণা দিয়ে একই স্থানে পাল্টা কর্মসূচি ঘোষণা করে উপজেলা আওয়ামী লীগ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন