জাতীয় ডেস্ক :
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বিভিন্ন এলাকায় অবৈধ গ্যাস সংযোগের তথ্য পেয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এর মধ্যে চুন কারখানা ও খাবার হোটেলসহ তিন হাজার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। একই সঙ্গে মিষ্টি তৈরির একটি কারখানাকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (৩০ আগস্ট) সকাল থেকে বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে এসব অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, অধিকাংশ এলাকায় এক হাত মাটি খুঁড়লেই বেরিয়ে আসছে অবৈধ গ্যাস লাইনের পাইপ। ছোট-বড় বিভিন্ন কারখানাসহ বেশিরভাগ বাসা-বাড়িতেই রয়েছে অবৈধ গ্যাসের সংযোগ। এসব অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে তিতাসের কর্মকর্তাদের নিয়ে মাঠে নেমেছে প্রশাসন।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইব্রাহিম জানান, অভিযানের শুরুতেই নোয়াইল এলাকায় একটি চুন কারখানাসহ তিন কিলোমিটার এলাকা বিস্তৃত তিন হাজার অবৈধ আবাসিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পরে মোগড়াপাড়া এলাকায় দুইটি খাবার হোটেলের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির দায়ে একটি মিষ্টি তৈরির কারখানাকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়।
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সোনারগাঁ আঞ্চলিক বিপণন বিভাগের উপমহাব্যবস্থাপক মো. সুরুজ আলম জানান, সোনারগাঁ উপজেলায় প্রায় ত্রিশ হাজার অবৈধ গ্যাস সংযোগ চিহ্নিত করে এ পর্যন্ত চার হাজার সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। পর্যায়ক্রমে এই উপজেলার সব অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হবে।
