হোম ফিচার সময় হলে বুঝবেন দেশ ছেড়ে কারা পালায়, ফখরুলকে মায়া

রাজনীতি ডেস্ক :

বিএনপি নেতাদের উদ্দেশ করে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম বলেছেন, অনেক কথাই বলেছেন, সামনে পিঠের ছাল কাদের থাকবে না, কারা দেশ ছেড়ে ঘটিবাটি নিয়ে পালিয়ে যাবে, সময় হলে টের পাবেন। খেলা তো এখনও দেখেন নাই। এখন তো পোলাপান রাস্তায়। কয়দিন পরেই বুঝতে পারবেন, ঠেলা কারে বলে। এসময় তিনি বিএনপিকে ষড়যন্ত্র আর বাড়াবাড়ি না করতে হুঁশিয়ার করে দেন।

সোমবার (২৯ আগস্ট) বিকেলে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) মিলনায়তনে জাতীয় শোক দিবসের আলোচনায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ করে তিনি এসব কথা বলেন।

বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা হত্যার সঙ্গে সরাসরি জিয়াউর রহমান ও তার পরিবার জড়িত মন্তব্য করে মায়া চৌধুরী বলেন, সে সময় জিয়া ছিল উপসেনাপ্রধান। তার কথা ছাড়া, তার নির্দেশ ছাড়া মোশতাকের পক্ষে এ খুন করা সম্ভব না।

তিনি বলেন, এ খুনিরা এদেশের স্বাধীনতা যুদ্ধের সময় দেশের স্বাধীনতা চায় নাই, মানে নাই। মুক্তিযুদ্ধের বিপক্ষে তারা কাজ করেছে। শুরু থেকেই তাদের অন্তরে ছিল পাকিস্তান, আর বঙ্গবন্ধু হত্যার ষড়যন্ত্র। এজন্য তারা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে। বঙ্গবন্ধুর রক্ত, বঙ্গবন্ধুর আদর্শের কোনো শক্তি যাতে বেঁচে না থাকে এজন্য তারা একই কায়দায় ৩ নভেম্বর কারা অভ্যন্তরে জাতীয় চার নেতাকে হত্যা করে।

আওয়ামী লীগের এ নেতা বলেন, খুনিরা প্রথমে বঙ্গবন্ধুর রক্তে আঘাত করেছে। তার পরিবারের লোকজনকে হত্যা করেছে। তাদের ধারণা ছিল, বঙ্গবন্ধুর রক্তের ধারা নিশ্চিহ্ন করতে পারলে এদেশকে তারা পাকিস্তানি ভাবধারায় গড়ে তুলতে পারবে।

তিনি আরও বলেন, যারা ১৯৭১ সালের স্বাধীনতা বিশ্বাস করে না, বঙ্গবন্ধুকে বিশ্বাস করে না, এদেশের উন্নয়ন বিশ্বাস করে না, কথায় কথায় যারা পাকিস্তানি ভাবধারা তুলে ধরে তারা সবাই একই সূত্রে গাঁথা। এই স্বাধীনতাবিরোধী শক্তি, বিএনপ- জামায়াত-শিবির-আল শামস সম্মিলিত প্রচেষ্টায় বঙ্গবন্ধুকে হত্যা করে।

আওয়ামী লীগের এ প্রেসিডিয়াম সদস্য বলেন, বঙ্গবন্ধুর খুনি পাকিস্তানিদের সেই প্রেতাত্মারা এখনও সক্রিয়। ৭৫ এর কায়দায় বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে ১৯ বার হত্যাচেষ্টা করেছে খালেদা জিয়া ও তার পলাতক ছেলে তারেক রহমান। একই রক্ত, একই ধারা, একই রক্ত চেতনায় জিয়া পরিবার যেমন বঙ্গবন্ধুকে খুন করেছে, তেমনি বঙ্গবন্ধ কন্যা, উন্নয়নের রূপকার শেখ হাসিনাকে বারবার হত্যাচেষ্টা চালিয়ে যাচ্ছে। আল্লাহর রহমতে ও আপনাদের দোয়ায় তারা বারবার ব্যর্থ হয়েছে।

এই খুনি পরিবার যতদিন পর্যন্ত তাদের মনের খায়েশ পূর্ণ না হবে ততদিন পর্যন্ত ষড়যন্ত্র চালিয়ে যাবে। এই পরিবারটির বিষয়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান তিনি। কারণ উল্লেখ করে মায়া চৌধুরী বলেন, এরা নির্বাচন মানে না। এরা নির্বাচন কমিশন মানে না, এরা ইভিএম মানে না। এরা জোর-জবরদস্তি করে ক্ষমতায় আসতে চায়।

তিনি আরও বলেন, এখন আর সেই শক্তি নেই। ভুয়া ভোটার বানিয়ে ক্ষমতায় আসার দিন শেষ। এখন শেখ হাসিনার স্লোগান-আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। ২০২৩ সালের নির্বাচনে শেখ হাসিনা টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হয়ে ক্ষমতায় আসবেন বলেও দাবি করেন তিনি। এসময় তিনি দলীয় নেতাকর্মীদের মাঠে থাকার আহ্বান জানিয়ে বলেন, সজাগ থাকতে হবে যাতে কেউ অরাজকতা সৃষ্টি করতে না পারে।

বঙ্গবন্ধু ফাউন্ডেশন জীবন বীমা করপোরেশন কেন্দ্রীয় কমিটি এ আলোচনা সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শফিকুল ইসলাম মিয়াজি।

সংগঠনের সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান পলাশের পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক বাবু সুজিত রায় নন্দী, দলটির উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য সহিদুল ইসলাম মিলন, বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ড. এম এ সালাম, বিশ্বদ্যিালয় মঞ্জুরী কমিশনের সদস্য ড. মো. আবু তাহের প্রমুখ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন