জাতীয় ডেস্ক :
বিয়ের আশ্বাসে নবম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে কুড়িগ্রামের ফুলবাড়ীর এক শিক্ষকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (২৬ আগস্ট) ওই শিক্ষার্থীকে মেডিকেল পরীক্ষা করার নির্দেশনা পেতে কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়।
ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবার সূত্রে জানা যায়, কর্মস্থলে যাওয়া আসার পথে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোতালেব মিয়া পাশের একটি দাখিল মাদ্রাসার নবম শ্রেণীর শিক্ষার্থীকে বিয়ের আশ্বাসে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। এরপর থেকে উভয়ের মধ্যে দীর্ঘদিন ধরে শারীরিক সম্পর্ক হয়ে আসছে। এতদিন তাদের প্রেমের সম্পর্ক গোপন থাকলেও তা ছড়িয়ে পড়ায় বিয়ের চাপ দেন ওই শিক্ষার্থী। উপান্তর না পেয়ে ওই শিক্ষকের লোকজন বৃহস্পতিবার (২৫ আগস্ট) ওই ছাত্রীর বাড়িতে সালিস বসে। ওই বৈঠক ব্যর্থ হলে মেয়ের বাবা বাদী হয়ে ফুলবাড়ী থানায় মামলা দায়ের করেন। তবে মামলার পর থেকেই ওই শিক্ষক পলাতক রয়েছেন।
শিক্ষক মোতালেব মিয়া নাওডাঙ্গা ইউনিয়নের গোরুকমন্ডপ এলাকার মৃত চাঁদ মিয়ার ছেলে। তিনি দুই সন্তানের জনক।
ফুলবাড়ী উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা আশরাফুজ্জামান জানান, বিষয়টি শুনেছি। তার বিরুদ্ধে নারী কেলেঙ্কারির ঘটনা হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলুর রহমান জানান, মেয়ের বাবা বাদী হয়ে নারী শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। মেয়েটিকে মেডিকেল পরীক্ষা করার নির্দেশনা পেতে শুক্রবার কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়েছে।
