নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরার আশাশুনিতে ভারতীয় রুপি স্বল্পমূল্যে বিক্রয়ের নামে প্রতারণাকালে হাতেনাতে এক প্রতারককে আটক করেছে স্থানীয় জনতা। বুধবার দুপুরে উপজেলার বড়দল ইউনিয়ন তাকে আটক করা হয়।
আটক প্রতারকের নাম কাজল গাজী। সে উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কুড়িকাহুনিয়া গ্রামের হাবিবুর রহমান গাজীর ছেলে।
স্থানীয়রা জানান, কাজল গাজী দীর্ঘদিন ধরে ডলার/রুপি স্বল্পমূল্যে বিক্রয়ের নামে বিভিন্ন এলাকায় প্রতারনা করে আসছিল। এরই অংশ হিসাবে সে শ্যামনগর উপজেলার সোনা মুদারী গ্রামের বিনয় কৃষ্ণ মন্ডলের ছেলে স্বপন কুমার মন্ডলের সাথে যোগাযোগ করে ভারতীয় রুপি স্বল্প মূল্যে বিক্রয় করার প্রলোভন দেখায়। স্বপন মন্ডল বুধবার সকালে প্রতাপনগরে গিয়ে প্রতারক কাজলের কাছে ২ লক্ষ ১০ হাজার টাকা প্রদানের পর সে তাকে ভারতীয় রুপির একটি প্যাকেট প্রদান করে। রুপির প্যাকেটটি নিয়ে স্বপন মনডল সেটি গননা করতে চাইলে প্রতারক কাজল বলে এখানে রুপি গননা করা যাবেনা। শ্যামনগরে গিয়ে গুনে টাকা বুঝ করে দেয়া হবে বলে তারা দুজন একসাথে সেখান থেকে বের হয়।
এক পর্যায়ে কাজল সুযোগ বুঝে মোটর সাইকেলে দ্রুত পালানোর চেষ্টা করলে স্বপন বিষয়টি বুঝতে পেরে সে তার পিছু নেয়। একপর্যায়ে বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা খোলারমাঠ এলাকায় পৌছলে কাজল মোটর সাইকেল থেকে নেমে বিলের মধ্যে ছুটে পালাতে থাকে। এ সময় স্থানীয় জনতা তার পিছু নিয়ে তাকে আটক করে। এসময় তারা তার কাছ থেকে নগদ ৩৮ হাজার ৫ শত টাকা ও ৪০০ ভারতীয় রুপি উদ্ধার করে। পরে তারা তাকে বড়দল ইউপি চেয়ারম্যান মাধ্যমে থানা পুলিশে হস্তান্তর করে।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত কাজল ও প্রতারনার শিকার স্বপনকে থানায় আনা হয়েছে জিজ্ঞাসাবাদ শেষে কার্যকর ব্যবস্থা নেয়া হবে।
