হোম ফিচার দর্শককে চিন্তায় ফেলেন যে পরিচালক

বিনোদন ডেস্ক :

মাথা ঘুরিয়ে দেয়া কঠিনসব সিনেমার নাম বললে প্রথমেই আসে ক্রিস্টোফার নোলান পরিচালিত সিনেমার কথা। সাধারণত কোনো সিনেমা পরিচিতি পায় সে সিনেমায় অভিনীত তারকাদের নামে। কিন্তু নির্মাতা ক্রিস্টোফার নোলানের সিনেমা পরিচিতি পায় তার নিজের নামেই।

লন্ডনের ওয়েস্টমিনস্টারে ১৯৭০ সালের ৩০ জুলাই এই গুণী চলচ্চিত্র নির্মাতার জন্ম। পরিচালনার পাশাপাশি তিনি একজন প্রযোজক এবং স্ক্রিনরাইটার। ছোটবেলা থেকেই চলচ্চিত্র পরিচালনায় তার আগ্রহ ছিল প্রবল। তারই ধারাবাহিকতায় ১৯৯৮ সালে ২৮ বছর বয়সে মাত্র ৬ হাজার ডলার বাজেটে নিয়ে আসেন নিজের প্রথম সিনেমা ‘ফলোয়িং’ (Following)। বিশ্ব চলচ্চিত্র পায় নতুন এক গুণী পরিচালক!

তবে ক্রিস্টোফার নোলান জনপ্রিয়তা লাভ করেন তার দ্বিতীয় সিনেমা ‘মেমেন্টো’ (Memento)-এর মাধ্যমে। ‘ইনসোমনিয়া’ (Insomnia) সিনেমার পর তিনি কাজ শুরু করেন ডিসির আইকনিক ক্যারেক্টার ‘ব্যাটম্যান’ নিয়ে। ২০০৫ সালে নিয়ে আসেন ‘দ্য ডার্ক নাইট ট্রায়োলোজি’ (The Dark Night Trilogy)-এর প্রথম ‘ব্যাটম্যান বিগিন্স’ (Batman Begins) সিনেমা এবং ২০০৮-এ নিয়ে আসেন অন্যতম সেরা সিনেমা ‘দ্য ডার্ক নাইট’ (The Dark Night), যা তার প্রথম সিনেমা হিসেবে এক বিলিয়ন ডলার আয় করে নেয়। ২০১২ সালে ‘দ্য ডার্ক নাইট রাইজ’ (The Dark Night Rise)-এর মাধ্যমে তিনি এই ট্রায়োলজির সমাপ্তি ঘটান।

এদিকে নোলানের সিনেমার সমাপ্তিগুলো এখনো দর্শককে ভাবায়। ‘দ্য প্রেস্টিজ’ (The Prestige), ‘ইন্সেপশন’ (Inception), ‘ইন্টারস্টেলার’ (Interstellar), ‘ডানকির্ক’ (Dunkirk), ‘টেনেট’ (Tenet) তার পরিচালিত উল্লেখযোগ্য সিনেমা। জটিল বৈজ্ঞানিক সূত্রের পাশাপাশি অসাধারণ স্ক্রিপ্ট আর ডিরেকশনের মাধ্যমে সিনেমাপ্রেমীদের মাথা ঘোরাতে সক্ষম হয়েছেন তিনি। সিনেমার অদ্ভুত এবং অভাবনীয় সমাপ্তি দেয়ায় নোলানের জুড়ি মেলা ভার!

এ ছাড়া ক্রিস্টোফার নোলান তার কাজে মনোযোগী থাকার জন্য কোনো সোশ্যাল মিডিয়া ইউজ করেন না। তিনি ভিএফএক্সের চেয়ে বাস্তবিক শট বেশি পছন্দ করেন। এ জন্য ডার্ক নাইট সিনেমায় তিনি একটি হাসপাতালও উড়িয়েছেন। তার বিখ্যাত সিনেমা ‘টেনেট’-এর স্ক্রিপ্ট লিখতে তিনি প্রায় পাঁচ বছর নিয়েছেন, আর এর কাহিনির চিন্তাভাবনা শুরু করেছিলেন সিনেমা মুক্তির ২০ বছর আগেই। সিনেমার প্রতি তার ডেডিকেশন যে কাউকে অবাক করে দেয়।

সোর্স: ফিল্মিবিট

সম্পর্কিত পোস্ট

মতামত দিন