হোম জাতীয় শাবি শিক্ষার্থী বুলবুল হত্যা: আবুল হোসেনের স্বীকারোক্তি

জাতীয় ডেস্ক :

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) শিক্ষার্থী মো. বুলবুল আহমেদ (২২) হত্যা মামলায় আটক আবুল হোসেন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

বুধবার (২৭ জুলাই) সন্ধ্যায় জালালাবাদ থানা থেকে কড়া নিরাপত্তায় আবুল হোসেনকে মহানগর ম্যাজিস্ট্রেট সুমন ভুঁইয়ার আদালতে তোলে পুলিশ।

মামলার তদন্ত কর্মকর্তা দেবাশীষ দেব জানান, আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন আবুল হাসান। পরে বিচারক তাকে জেলে পাঠানোর নির্দেশ দেন।

গত সোমবার (২৫ জুলাই) সন্ধ্যার পর ক্যাম্পাসের অভ্যন্তরের টিলায় ঘুরতে গিয়ে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হন লোকপ্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো. বুলবুল আহমেদ। তার বাড়ি নরসিংদী জেলায়।

এ ঘটনার পর সোমবার রাতে সিলেট মহানগরের জালালাবাদ থানায় মামলা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন।

মামলার এজাহারে বলা হয়, বন্ধুদের নিয়ে টিলায় বেড়াতে গিয়ে দুষ্কৃতকারীদের উপর্যুপরি ছুরিকাঘাতে বুলবুল নিহত হন। বুকের বাঁ-পাশে ছুরিকাঘাতে প্রচুর রক্তক্ষরণে বুলবুল মারা যান বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার আজবাহার আলী শেখ জানান, বুলবুল হত্যা মামলায় সোমবার (২৫ জুলাই) রাত ও মঙ্গলবার (২৬ জুলাই) সকালে সন্দেহভাজন তিন ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছিল। তারা হলেন- কামরুল ইসলাম (২২), আবুল হোসেন (১৮) ও মোহাম্মদ হাসান (১৮)।

তিনি আনান, গ্রেফতার তিনজনের মধ্যে আবুল হাসান হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন। তিনি আরও দুজনের হত্যাকাণ্ডে সম্পৃক্ত থাকার কথা জানিয়েছেন। পরে ওই দুজনকেও গ্রেফতার করা হয়েছে।

তবে পরবর্তীতে গ্রেফতার দুইজনের নাম এখনো জানা যায়নি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন