জাতীয় ডেস্ক :
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস বলেছেন, রিজার্ভ নিয়ে দুশ্চিন্তার কিছুই নেই, সংকট মোকাবিলায় প্রস্তুতিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে। বুধবার (২৭ জুলাই) বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গণমাধ্যমের সঙ্গে সমসাময়িক বিষয় নিয়ে আলাপকালে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বলেন, রিজার্ভ নিয়ে সবারই একধরনের মাথাব্যথা হয়ে গেছে। মজার ব্যাপার হচ্ছে, যখন ২১ থেকে ২০ বিলিয়ন হয়েছিল তখন মানুষের ধারণা ছিল এত টাকা দিয়ে কী হবে? এমনকি ২০১৯ সালেও আমাদের ৩০ বা ৩১ বিলিয়ন ছিল, কারো কোনো চিন্তা ছিল না। ৪০ বিলিয়ন পার হওয়ার পর মনে হচ্ছে যেন, একটু এদিক-ওদিক হলেই দেশের ভিত্তি নষ্ট হয়ে যাচ্ছে। সারা বিশ্বে মূল্যবৃদ্ধি হয়েছে। তাতে আমদানি ব্যয় বেড়েছে। অতএব আমাদের এখানে দেখা যাচ্ছে, একটা পার্থক্য তৈরি হয়েছে। আমাদের ৪২ বিলিয়ন ডলার ছিল, সেটা একটু কম হয়েছে।’
রিজার্ভ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘সাধারণত বলা হয় তিন মাসের আমদানি ব্যয় যদি থাকে, তাহলে ওই অর্থনীতিটা মজবুত। আমাদের পাঁচ মাসের অধিক আমদানি ব্যয় আছে। এর আগে বলা হতো, তিন মাসের খাদ্য আমদানির ক্যাপাসিটি আছে কি না। এখন আমরা শুধু খাদ্য আমদানি হিসাব করি না, আমাদের মোট যে আমদানি হয়, সেটা হিসাব করছি। তাতে দেখা যাচ্ছে, আমাদের পাঁচ মাসের বেশি আছে। অতএব আমাদের ঝুঁকি নেই।’
‘ওয়ার্ল্ড ব্যাংক, আইএমএফ বলছে, বৈশ্বিক মন্দা হতে পারে। বিভিন্ন দেশে মুদ্রাস্ফীতি হচ্ছে, তাদের অর্থনীতি হোঁচট খাচ্ছে, তাহলে আমরা কি কোনো প্রস্তুতিমূলক ব্যবস্থা গ্রহণ করব না?’
মুখ্য সচিব বলেন, প্রস্তুতিমূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য তাদের যে পসিবল ফান্ড উইন্ডোগুলো আছে, সেই উইন্ডো থেকে আমরা কী নিতে পারি তার প্রস্তাবনা দিয়েছি। এটার সঙ্গে বেইল আউট; যে শব্দ ব্যবহার করা হচ্ছে, এটায় আমার চরম আপত্তি। আমাদের দেশ কি চরম ঝুঁকিতে যে বেইল আউট করতে হচ্ছে? আমাদের গত মাসে পদ্মা সেতু উদ্বোধন হয়েছে, যেটি আমাদের আত্মবিশ্বাসের জায়গা, সেই আত্মবিশ্বাসে সমুন্নত না হয়ে কেন নিচের দিকে ঠেলে দিচ্ছে?’
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছে আনুষ্ঠানিকভাবে ৪ দশমিক ৫ বিলিয়ন ডলার ঋণের অনুরোধ জানানো প্রসঙ্গে আহমদ কায়কাউস বলেন, ‘আমাদের এখানে সম্প্রতি আইএমএফ একটি মিশনে এসেছে, আমাদের অর্থমন্ত্রীর সঙ্গে কথা বলেছে। এটা কিন্তু রুটিন, প্রতিবছরই হয়। জাইকা, এডিবি, ওয়ার্ল্ড ব্যাংকের সঙ্গে কথা হয়। আইএমএফের সঙ্গেও কথা হয়। আমরা কী কী ফ্যাসিলিটি নিতে পারি, সে বিষয়ে আলোচনা হয়েছে।’
ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে জ্বালানি সংকটে পড়েছে সারা বিশ্ব। এই সংকটে যেন বাংলাদেশ ক্ষতিগ্রস্ত না হয়, সেটি মোকাবিলায় পূর্বপ্রস্তুতি হিসেবে সরকার জ্বালানি ও বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী পদক্ষেপ নিয়েছে। কৃচ্ছ্রসাধনের পথে হাঁটছে সরকার। এর মধ্যে গণমাধ্যমে খবর বের হয়েছে, বিদ্যুৎকেন্দ্রগুলোকে অলস বসিয়ে রেখে ক্যাপাসিটি চার্জ দিচ্ছে সরকার। এ নিয়ে দেশের বিভিন্ন রাজনৈতিক দল এবং নানা শ্রেণি-পেশার মানুষ সমালোচনা করছে। এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমেও জ্বালানি ও বিদ্যুৎ নিয়ে অসত্য তথ্য দিয়ে গুজব ছড়ানো হচ্ছে।
অসত্য তথ্য পরিবেশন করা হলে দুঃখ হয় উল্লেখ করে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বলেন, ‘বলা হচ্ছে আদানি যেটা তৈরি হচ্ছে সেটা বসিয়ে বসিয়ে ১ হাজার ৪০০ কোটি টাকা দিতে হবে। কোনো বিদ্যুৎকেন্দ্র সিওডি হওয়ার আগে একটা পয়সাও দেয়া হয় না, সুযোগও নেই। মেঘনাঘাট নিয়ে যেগুলো বলা হচ্ছে, এগুলোর প্রতিটার সিওডি ডেট বদলে দেয়া হয়েছে। এই সংকটে প্রত্যাশিত তারিখ পিছিয়ে দেয়া হয়েছে। প্রতিটা বিদ্যুৎকেন্দ্র যতক্ষণ পর্যন্ত সে আসবে না, ততক্ষণ আমি একটা পয়সা তাকে দেব না। তাহলে কেন হরোর স্টোরি তৈরি করছে? টেল দ্য ট্রুথ। যদি ভুল হয়ে থাকে আমরা মাথা পেতে নেব।’
তিনি আরও বলেন, ‘যেকোনো বিদ্যুৎকেন্দ্রের স্বাভাবিক খরচ ৬৫ শতাংশ ব্যয় হয় জ্বালানি। ৩০-৩৫ শতাংশ হলো ক্যাপিটাল। ইনভেস্টমেন্ট কস্ট। বিশ্বব্যাপী একটি স্বীকৃত পথ হলো ৩৫ শতাংশ, যেটা আমি বিনিয়োগ করেছি, সেই রি-পেমেন্ট হলো ক্যাপসিটি চার্জ। এখন আমি বিদ্যুৎকেন্দ্র বসিয়ে রাখলাম। কারণ, আমি এখন খরচ বাড়াতে চাচ্ছি না। তাহলে ৩০-৩৫ শতাংশ খরচ আমার হবে, ৬৫ শতাংশ আমি সাশ্রয় করছি।’
