হোম খেলাধুলা বিশ্বকাপের পর ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলবেন পান্ডিয়া!

খেলাধূলা ডেস্ক :

ক্রিকেটের ঠাসা সূচিতে এখন আর কুলিয়ে উঠতে পারছেন না ক্রিকেটাররা। টেস্ট ও ওয়ানডে ক্রিকেট ছিল আগে থেকেই। টি-টোয়েন্টি আসার পর আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি ক্রিকেটাররা খেলতে চায় ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগেও। এই ঠাসা সূচিতে কপাল পুড়েছে ওয়ানডে ক্রিকেটের। টেস্টের মতো এলিট সংস্করণ ছাড়তে চান না কেউ, টি-টোয়েন্টি ছাড়া মানে ব্যাপক আর্থিক লোকসান। তাই অতিরিক্ত ক্রিকেটের ধকল কমাতে বেন স্টোকসের মতো ক্রিকেটার কদিন আগে অবসর নিলেন ওয়ানডে থেকে। ভারতের সাবেক ক্রিকেটার রবি শাস্ত্রী মনে করেন, অদূর ভবিষ্যতে ভারতের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াও এই তালিকায় নাম লেখাবেন।

২০১৯ এর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবারের মতো ওয়ানডে সংস্করণে বিশ্বসেরার মুকুট জয় করে ইংল্যান্ড ক্রিকেট দল। ইংলিশদের সে বিশ্বকাপ জেতার পেছনে বড় অবদান অলরাউন্ডার বেন স্টোকসের। অথচ আরেকটি বিশ্বকাপের ঠিক এক বছর বাকি থাকতে মাত্র ৩১ বছর বয়সে ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিয়ে নিয়েছেন এই তারকা। উদ্দেশ্য টেস্ট ও টি-টোয়েন্টিতে অধিক মনোযোগ দেওয়া।

তিন সংস্করণের মধ্যে নবীনতম হলেও টি-টোয়েন্টি ক্রিকেটের প্রভাবে রীতিমত বাকি সংস্করণগুলো মৃত্যুর শঙ্কায়। টেস্ট ক্রিকেট সবচেয়ে প্রাচীন ও এলিত সংস্করণ বলে গণ্য হওয়ায় খেলোয়াড়দের কাছে এখনো এর আবেদন টিকে আছে। কিন্তু সাদা বলের অপেক্ষাকৃত বড় সংস্করণের বেলায় অর্থ একটা বড় ইস্যু হয়ে দাঁড়ায়। টি-টোয়েন্টিতে কম সময়ে ওয়ানডের চেয়ে অনেক বেশি টাকা আয় করা যায়। সারাবিশ্বের জনপ্রিয় টি-টোয়েন্টি লিগ খেলে দ্রুতই স্বচ্ছলতা অর্জন করা যায়। তাই ব্যস্ত সূচিতে নিজেকে ফিট রাখতে এই ফরম্যাটটাকেই বিশ্রামের জন্য বেছে নেওয়ার প্রবণতা দেখা যাচ্ছে।

এমন অবস্থায় বেন স্টোকসের মতো ঘটনা আরও নিয়মিতই দেখা যাবে বলে বিশ্বাস ভারতের সাবেক ক্রিকেটার ও জাতীয় দলের এক সময়ের কোচ রবি শাস্ত্রীর। তিনি মনে করেন এই তালিকায় অচিরেই নাম লেখাবেন অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াও। টি-টোয়েন্টি ক্রিকেটে আরও মনোযোগ দিতেই সে ওয়ানডে থেকে অবসর নেবে বলে বিশ্বাস শাস্ত্রীর। তিনি বলেন, ‘এখন অনেক খেলোয়াড়ই নিজেদের পছন্দমতো সংস্করণ বেছে নেন। হার্দিক পান্ডিয়ার কথাই ধরুন, সে টি-টোয়েন্টি ক্রিকেট খেলতে চায়। সে এটা পরিষ্কার করে দিয়েছে যে (টি-টোয়েন্টি ছাড়া) সে অন্য সংস্করণে খেলতে চায় না।’

কবে নাগাদ পান্ডিয়া ওয়ানডে ছাড়বেন তারও একটা ভবিষ্যতবাণী করেছেন এই সাবেক অলরাউন্ডার। তিনি বলেন, ‘সে এখন ওয়ানডে খেলবে, কারণ আগামী বছর ভারতে ওয়ানডে বিশ্বকাপ আছে। এরপর হয়তো দেখবেন সে এটা ছেড়ে দেবে।’ শুধু পান্ডিয়াই নন, এমন ঘটনা আরও অনেক খেলোয়াড়ের ক্ষেত্রেও ঘটবে বলে মনে করেন ভারতের সাবেক কোচ, ‘খেলোয়াড়েরা সংস্করণ পছন্দ করে নিতে শুরু করবে। এটা করার অধিকারও তাদের আছে।’

স্কাই স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে ভারতের সাবেক কোচ ওয়ানডে ক্রিকেটকে বাঁচানোর একটা উপায়ও বাতলে দিয়েছেন। তার মতে বিশ্বকাপই পারে ওয়ানডে ক্রিকেটকে বাঁচাতে। তিনি বলেন, ‘৫০ ওভারের ক্রিকেট হয়তো একটু পেছনে পড়ে গেছে। কিন্তু এটাকে বাঁচিয়ে রাখা সম্ভব, যদি আপনি বিশ্বকাপের ওপর বেশি জোর দেন।’

সম্পর্কিত পোস্ট

মতামত দিন