জাতীয় ডেস্ক :
দেশের চাহিদা মিটিয়ে বিদেশে মাছ রফতানির পরিকল্পনার রয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম।
শনিবার (২৩ জুলাই) বিকেলে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ উপলক্ষে নৌ র্যালি শেষে একথা জানান তিনি।
মাছে ভাতে বাঙালির পরিচয় বিশ্বজুড়ে। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে রাজধানীর হাতিরঝিলে তাই মনমুগ্ধকর এ আয়োজন।
শনিবার বিকেলে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উপলক্ষে মৎস্য অধিদফতর ও নৌ পুলিশের উদ্যোগে নৌ র্যালির আয়োজন করা হয়। হাতিরঝিল পুলিশ প্লাজা জেটি থেকে শুরু হয়ে পুরো হাতিরঝিল প্রদক্ষিণ করে র্যালিটি।
এসময় নৌ পুলিশের পক্ষ থেকে দেশের মৎস্য সম্পদ রক্ষায় জনসচেতনামূলক বার্তা প্রচার করা হয়।
র্যালিতে অংশ নিয়ে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী জানান, দেশের চাহিদা পূরণ করে বিদেশে মাছ রফতানি হবে।
যেকোনো কল্যাণমূলক কাজে জনগণের পাশে থাকার কথা জানান নৌ পুলিশের অতিরিক্ত ডিআইজি শফিকুল ইসলাম।
এবার জাতীয় মৎস্য সপ্তাহের প্রতিপাদ্য নিরাপদ মাছে ভরব দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ।
