বিনোদন ডেস্ক :
অজয় দেবগন, যিনি একাধারে অভিনেতা, প্রযোজক এবং পরিচালক। যে কোনো চরিত্রেই মিশে যেতে পারার ক্ষমতা আছে তার, হোক সেটা গোলমাল সিনেমার কমেডি চরিত্র, কিংবা রেইড সিনেমায় সিরিয়াস অফিসার চরিত্রে। তার ক্যারিয়ারের ঝুলিতে যোগ হলো আরেকটি পুরস্কার।
ইতোমধ্যেই ঘোষিত হল ৬৮তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার। নিজের প্রযোজিত ‘তানাজি: দ্য আনসাং ওয়ারিয়র’-এর জন্য সেরা অভিনেতার শিরোপা পেলেন অজয় দেবগণ। এ নিয়ে অভিনয়ের জন্য তাঁর ঝুলিতে তিন নম্বর জাতীয় পুরস্কার।
জয়ের এই আনন্দ নতুন নয়। তবু অজয়ের উচ্ছ্বাস আকাশ ছুঁয়েছে। তিনি বলেন, ‘সেরা অভিনেতার পুরস্কার পেয়ে আমি খুবই আনন্দিত। আমার দলের সদস্যদের সঙ্গেই দর্শক এবং অনুরাগীদের ধন্যবাদ জানাতে চাই। আমার অভিভাবক এবং ঈশ্বরের কাছে আমি কৃতজ্ঞ।’
অজয়ের সাথে যৌথভাবে সেরা অভিনেতা’র শিরোপা পেয়েছেন দক্ষিণী তারকা সুরিয়া। তামিল ছবি ‘সুরারাই পোট্রু’-র জন্য এই সম্মান পেয়েছেন তিনি। এর আগে ১৯৯৮ সালে ‘জখম’ ছবির জন্য জাতীয় পুরস্কার জিতে নিয়েছিলেন অজয়। পরে ২০০২ সালে ‘দ্য লেজেন্ড অব ভগৎ সিং’-এর জন্য আরও একবার এই সম্মান পান তিনি। বর্তমানে তিনি কাইথি সিনেমার রিমেক “ভোলা” এর কাজ নিয়ে ব্যস্ত আছেন। এই সিনেমার পরিচালক এবং মূল চরিত্রে আছেন তিনি নিজেই।
সূত্র: পিঙ্কভিলা
