হোম অন্যান্যসারাদেশ মণিরামপুরে যুদ্ধাপরাধী মামলায় পলাতক রাজাকার ফজর আলী গ্রেপ্তার

মণিরামপুর (যশোর) প্রতিনিধি :

যশোরের মণিরামপুরে যুদ্ধাপরাধী মামলায় পলাতক রাজাকার ফজর আলীকে (৭৪) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার ফজর আলীকে ঢাকা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এর আগে শুক্রবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ফজর আলী উপজেলার গোবিন্দপুর গ্রামের মৃত আজগার আলীর ছেলে। তিনি গোবিন্দপুর-তেঘরী আদর্শ মহিলা আলিম মাদ্রাসার সাবেক অধ্যক্ষ ছিলেন। তার নামে মণিরামপুর থানার তালিকাভুক্ত রাজাকারের মধ্যে ১৪৩ নম্বরে রয়েছে।

উপজেলার মামুদকাটি গ্রামে ফজর আলীর মেয়ের বাড়ি থেকে থানার সহকারী উপপরিদর্শক সোহেল রানা পারভেজসহ সঙ্গীয় ফোর্স তাকে গ্রেপ্তার করেছে। উপপরিদর্শক বলেন, ২০১৮ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ ফজর আলীর বিরুদ্ধে যুদ্ধাপরাধী মামলা দায়ের করা হয়। সেই থেকে তিনি পলাতক ছিলেন। বৃহস্পতিবার বড় মেয়ের বাড়ি যান ফজর আলী। খবর পেয়ে শুক্রবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ফজর আলীকে থানায় আনার পর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার আলাউদ্দিন এসে তাকে শনাক্ত করেন। এ ছাড়া মামলার সাক্ষী গোবিন্দপুর গ্রামের মুক্তিযোদ্ধা শাহ আব্দুর জব্বারসহ স্থানীয় ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুর রহিমও রাতে থানায় এসে তাকে শনাক্ত করেছেন। শনিবার ফজর আলীকে ঢাকা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন