হোম আন্তর্জাতিক কংগ্রেসে দাঙ্গা, পদক্ষেপ নিতে সন্তানের অনুরোধেও কান দেননি ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক :

যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে হামলার সময় প্রায় ৩ ঘণ্টা টিভিতে সরাসরি সম্প্রচার দেখছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি সহিংসতা বন্ধে পদক্ষেপ নিতে সন্তান ও ঘনিষ্ঠ সহযোগীদের অনুরোধেও কান দেননি ট্রাম্প। বৃহস্পতিবার কংগ্রেসে অনুষ্ঠিত শুনানিতে এমন জবানবন্দি দিয়েছেন সাক্ষীরা। খবর রয়টার্স।

২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে ট্রাম্প-সমর্থকদের হামলার ঘটনা তদন্তে কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে একটি কমিটি গঠন করা হয়। গত জুন থেকে কংগ্রেসে এ বিষয়ে চলছে শুনানি। বৃহস্পতিবার (২১ জুলাই) অষ্টমবারের মতো শুরু হয় শুনানি। এদিনও হোয়াইট হাউসে ট্রাম্পের সাবেক সহযোগী ও নিরাপত্তা কর্মীদের ভিডিও জবানবন্দি উপস্থাপন করেছে তদন্ত প্যানেল।

ভিডিওতে সাক্ষীরা জানান, ক্যাপিটল হিলে হামলার সময় টিভিতে সরাসরি সম্প্রচার দেখছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রায় তিন ঘণ্টা এভাবেই কাটিয়েছিলেন তিনি। এমনকি সহিংসতা বন্ধে পদক্ষেপ নিতে সন্তান ও ঘনিষ্ঠ সহযোগীদের অনুরোধেও কান দেননি। এরপর এক ভিডিও বার্তায় সমর্থকদের বাড়ি ফিরে যেতে বলেন ট্রাম্প। মেয়ে ইভানকা ট্রাম্প ও ছেলে ডন জুনিয়র এ সময় ডোনাল্ড ট্রাম্পকে পরিস্থিতি মোকাবিলায় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেন।

ওই শুনানিকে প্রতিনিধি পরিষদের সদস্য অ্যাডাম কিনজিনগার বলেন, দাঙ্গাকারী ব্যক্তিদের থামানোর কোনো ইচ্ছা ট্রাম্পের ছিল না। আগামী সেপ্টেম্বর ক্যাপিটল হিলের ঘটনায় প্রতিনিধি পরিষদে ট্রাম্পের বিরুদ্ধে শুরু হওয়ার কথা রয়েছে আরেক দফা শুনানি।

জবানবন্দি নেওয়ার সময় হোয়াইট হাউসের সাবেক উপদেষ্টা প্যাট সিপোলোনকে তদন্তকারী ব্যক্তিরা ঘটনার দিন ট্রাম্পের ভূমিকা সম্পর্কে একের পর এক প্রশ্ন করেন। তাঁর কাছে জানতে চাওয়া হয়, ট্রাম্প তাঁর প্রতিরক্ষামন্ত্রী, অ্যাটর্নি জেনারেল কিংবা হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের প্রধানকে ফোন করেছিলেন কিনা। সিপোলোন প্রতি প্রশ্নের জবাবে না সূচক উত্তর দিয়েছেন।

তবে সে সময়ের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ক্যাপিটলের নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছিলেন, এমনটিই জানিয়েছেন একজন শীর্ষ জেনারেল। কিন্তু হোয়াইট হাউসের চিফ অব স্টাফের মতে প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশনাই অনুসরণ করা উচিত, কারণ ট্রাম্পই দায়িত্বে রয়েছেন, পেন্স নয়। সেই সময় তাই ক্যাপিটলে হামলাকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি।

২০২১ সালের ৬ জানুয়ারি কংগ্রেসের যৌথ অধিবেশনে ট্রাম্পের উসকানিতে তার সমর্থকরা ক্যাপিটল হিলে সহিংস হামলা চালান। এতে পুলিশসহ কয়েকজন নিহত হন। তবে ট্রাম্প বরাবরই তার বিরুদ্ধে করা হাউস অব রিপ্রেজেন্টেটিভসের সিলেক্ট কমিটির তদন্তকে রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন। সম্প্রতি ২০২৪ সালে প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়ার ইঙ্গিতও দিয়েছেন তিনি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন