আন্তর্জাতিক ডেস্ক :
একজন অমুসলিমকে পবিত্র মক্কা নগরীতে ঢুকতে সাহায্য করায় সৌদি আরবের এক নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ। খবর দ্য গার্ডিয়ানের।
ইসরাইলের টিভি ‘চ্যানেল ১৩’ র গিল তামারি নামের এক সাংবাদিক টুইটারে চুপি চুপি মক্কায় প্রবেশের একটি ভিডিও পোস্ট করেন। তার সঙ্গে ছিলেন সৌদি আরবের স্থানীয় গাইড। এই গাইডকেই নিয়মভঙ্গের অভিযোগে শুক্রবার (২২ জুলাই) গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে মক্কার পুলিশ কর্তৃপক্ষ।
সৌদি প্রেস এজেন্সি শুক্রবার জানায়, ওই ব্যক্তিকে একজন অমুসলিম সাংবাদিককে অনুপ্রবেশের সুযোগ করে দেওয়ার অভিযোগে প্রসিকিউটারের কাছে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
এসপিএ ওই সাংবাদিকের নাম পরিচয় প্রকাশ না করে তাকে শুধু যুক্তরাষ্ট্রের নাগরিক হিসাবে চিহ্নিত করেছেন এবং তার বিরুদ্ধেও মামলা করা হয়েছে।
বিষয়টি এরই মধ্যে আলোড়ন তুলেছে। গিল তামারি নামের ওই সাংবাদিক ইসরাইলি সম্প্রচারমাধ্যম চ্যানেল থার্টিনের সংবাদকর্মী বলে জানিয়েছে আল জাজিরা।
ভাইরাল এক ভিডিওতে দেখা যায়, গিল তামারি এবং তার স্থানীয় গাইড মুসলমানদের পবিত্র ধর্মীয় স্থান কাবা শরিফের পাশ দিয়ে যাচ্ছিলেন। এ সময় তাদের হিব্রু ভাষায় কথা বলতে দেখা যায়। পরে দ্রুতই তারা ইংরেজিতে কথা বলতে শুরু করেন।
এমন ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় বয়ে যায়। টুইটারে ‘আ জিউ ইন মক্কা’স গ্র্যান্ড মস্ক’ নামে একটি হ্যাশট্যাগ ব্যাপকভাবে সাড়া জাগিয়েছে।
ইসরাইলের আঞ্চলিক সহযোগিতাবিষয়ক মন্ত্রী এ ঘটনার নিন্দা জানিয়েছেন।
