হোম খেলাধুলা এশিয়া কাপ কোথায় হচ্ছে জানালেন সৌরভ

খেলাধূলা ডেস্ক :

এশিয়া কাপ শ্রীলঙ্কা থেকে সরে গেছে। হবে সংযুক্ত আরব আমিরাতে। তবে শ্রীলঙ্কা থেকে সরে যাওয়ার পর বাংলাদেশ ও ভারতের নামও এসেছিল এশিয়া কাপ আয়োজনের জন্য। কিন্তু কেন আরব আমিরাতকেই বেছে নেয়া হয়েছে তার কারণ জানালেন বিসিসিআইয়ের সভাপতি সৌরভ গাঙ্গুলি।

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) একটি সূত্র গত বুধবার (২০ জুলাই) জানায়, শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড জানিয়েছে, তাদের দেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতির কারণে বিশেষ করে যখন বৈদেশিক মুদ্রার বিষয়ে উদ্বিগ্ন, তখন দেশে ছয় দলের এ বড় ইভেন্টটি আয়োজন করা সম্ভব হচ্ছে না।

তার বিকল্প হিসেবে বাংলাদেশ, ভারত ও আরব আমিরাতের নাম আসলে, আরব আমিরাতকেই বেছে নেয়া হয়। বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি জানিয়েছেন কেন আমিরাতকেই বেছে নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (২১ জুলাই) বিসিসিআইয়ের অ্যাপেক্স কাউন্সিলের সভা শেষে সংবাদমাধ্যমে গাঙ্গুলি বলেছেন, এশিয়া কাপ হবে সংযুক্ত আরব আমিরাতে। কারণ তখন সেখানে কোনো বৃষ্টি থাকবে না।

এবারের এশিয়া কাপটি হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। মূলত বিশ্বকাপকে সামনে রেখে এসিসি তাদের সংস্করণ নির্ধারণ করে থাকে। এবারের আসর আগামী অক্টোবরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে। এসিসি থেকে আগামী কয়েক দিনের মধ্যেই এ টুর্নামেন্ট সংক্রান্ত যাবতীয় ঘোষণা আসতে পারে।

এশিয়া কাপে পাঁচ টেস্ট খেলুড়ে দল ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ ও আফগানিস্তান ছাড়াও বাছাই পর্ব পেরিয়ে আসা একটি সহযোগী সদস্য দল অংশ নেবে।

এশিয়া কাপের সবশেষ চার আসরের তিনটিতেই স্বাগতিক ছিল বাংলাদেশ। ২০১২ সালে লাল-সবুজের প্রতিনিধিদের দেশে বাংলাদেশকে ২ রানে হারিয়ে শিরোপার স্বাদ নেয় পাকিস্তান। ২০১৪ সালে পরের আসরে ফাইনালে খেলে শ্রীলঙ্কা ও পাকিস্তান। এবার চ্যাম্পিয়ন হয় লঙ্কানরা। ফাইনালে তারা জয় পায় ৫ উইকেটে। ২০১৬ সালের এশিয়া কাপেও বাংলাদেশ ফাইনালে উঠেছিল; কিন্তু দুর্ভাগ্য যে ভারতের বিপক্ষে ৮ উইকেটে হারতে হয় লাল-সবুজের প্রতিনিধিদের।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন