জাতীয় ডেস্ক :
সেনাবাহিনীর মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি পুলিশের সাবেক পরিদর্শক লিয়াকত আলী কক্সবাজার আদালতে সাক্ষ্য দিয়েছেন।
রোববার (১৭ জুলাই) সকালে অন্য একটি হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা হিসেবে সাক্ষ্য প্রদানের জন্য কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে তাকে হাজির করা হয়।
এরপর সকাল ১০টার দিকে পুলিশের কড়া নিরাপত্তায় লিয়াকত আলীকে আদালতে আনা হয়। বেলা সাড়ে ১১টার দিকে কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবদুল্লাহ আল মামুনের আদালতে তিনি সাক্ষ্য দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারের পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম।
তিনি জানান, ২০১৯ সালের ২৭ আগস্ট টেকনাফ থানায় দায়ের হওয়া আবদুল করিম হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা ছিলেন লিয়াকত আলী। তিনি ওই মামলার ছয় আসামির জবানবন্দি গ্রহণ করে ছিলেন। ওই মামলার সাক্ষ্য প্রদানের জন্য লিয়াকতকে কক্সবাজার আদালতে আনা হয়। সাক্ষ্য প্রদান শেষে বেলা সাড়ে ১২টার দিকে লিয়াকতকে কক্সবাজার কারাগারে নিয়ে যাওয়া হয়।
২০২০ সালের ৩১ জুলাই রাতে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের বাহারছড়া ইউনিয়নের শামলাপুরে এপিবিএন চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সিনহা মোহাম্মদ রাশেদ খান।
গত ৩১ জানুয়ারি আলোচিত এ মামলার রায় ঘোষণা করেন কক্সবাজারের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাঈল। এতে টেকনাফ থানার বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশ ও পরিদর্শক লিয়াকত আলীকে মৃত্যুদণ্ড, ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া সাতজনকে খালাস দেয়া হয়েছে।
আদেশের পর থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি ঢাকার কারাগারে কনডেম সেলে রাখা হয়েছে। মামলার সাক্ষ্য প্রদানের জন্য লিয়াকত আলীকে কক্সবাজার আনা হয় শনিবার (১৬ জুলাই)। তাকে ফের ঢাকা পাঠানো হবে।
