নড়াইল অফিস :
নড়াইলে দুই মাদক কারবারীকে যাবজ্জীবন কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে, আরো ১ বছরের কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (৫ জুলাই) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোঃ কেরামত আলি এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দন্ডপ্রাপ্ত আসামিরা আদালতে উপস্থিত ছিল না। পলাতক মাদক কারবারীরা হলেন সাতক্ষীরা জেলার কলারোয়া থানার রামভদ্রপুর গ্রামের মৃত ইমাম সরদারের ছেলে মোঃ আলি হোসেন সরদার (৩০) ও আঃ রশীদ মোড়লের ছেলে মোঃ মিঠু মোড়ল (২৮)।
মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালের ২৫ আগষ্ট নড়াইল সদরের আফরা চৌরাস্তায় যানবাহন তল্লাশী কালে ্দুপুর সাড়ে ১২টার সময় একটি নম্বরবিহীন ওয়ালটন মোটর সাইকেল তল্লাশী কালে মোটর সাইকেলের সিটের নীচে ও সাইড কভার থেকে ৫২ বোতল ফেনসিডিলসহ মোঃ আলি হোসেন ও মোঃ মিঠু মোড়লকে আটক করা হয়। এ ঘটনায় নড়াইল সদর থানায় মামলা হয়। ৯ জনের সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত এ রায় ঘোষণা করেন। রায়ের সময় আসামীরা পলাতক ছিল।
