খেলাধূলা ডেস্ক :
ক্রিস্টিয়ানো রোনালদোর বদলি হিসেবে ব্রাজিলিয়ান অ্যান্তোনিকে দলে ভেড়াতে চায় ম্যানচেস্টার ইউনাইটেড কোচ এরিক টেন হ্যাগ। আয়াক্স এর এই ফরোয়ার্ডকে দলে ভেড়াতে রেড ডেভিল কর্তৃপক্ষকে পদক্ষেপ নেয়ার আহবান জানিয়েছেন তিনি। খবর মিরর ইউকের।
সদ্য সমাপ্ত প্রিমিয়ার লিগ মৌসুমটা একেবারেই ভালো যায়নি ম্যানচেস্টার ইউনাইটেডের। লিগ শেষ করেছে ৬ষ্ঠ স্থানে থেকে। তবে ব্যাক্তিগত পারফরম্যান্সে উজ্জ্বল ছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। রেড ডেভিলদের হয়ে সর্বোচ্চ ২৪ গোল করেন তিনি। তবে সার্বিক পরিস্থিতি বিবেচনায় ওল্ড ট্রাফোর্ডে নিজের ক্যারিয়ারের সমাপ্তিটা সুখকর দেখছেন না পর্তুগিজ সুপার স্টার।
ক্লাবে নতুন কোচ আসলেও, প্রিমিয়ার লিগে শীর্ষে ফেরার কোনো আশা দেখছেন না রোনালদো। তাই মৌসুম শেষ হতেই নতুন ক্লাব খুজতে বলেন এজেন্টকে। শুধু দলের প্রয়োজন নয়, ব্যবসায়িক দৃষ্টি কোণ থেকেও রোনালদোকে আগামী মৌসুমে ওল্ড ট্র্যাফোর্ডে রেখে দিতে চেয়েছিল ইউনাইটেড। তবে সি আর সেভেন রাজি না হওয়ায় আগামী মৌসুমের জন্য বিকল্প খোজার প্রক্রিয়া শুরু করেছে রেড ডেভিল কর্তৃপক্ষ।
ম্যানচেস্টার ইউনাইটেড কোচ এরিক টেন হ্যাগ এরই মধ্যে ম্যানচেস্টার ইউনাইটেড বোর্ডকে রনের বদলি হিসেবে অ্যান্তোনিকে দলে ভেড়াতে নিজের আগ্রহের কথা জানিয়েছেন। দ্যা মিররের এক রিপোর্টের বরাতে জানা গেছে এই তথ্য।
২০২১-২২ মৌসুমে আয়াক্সের হয়ে ৩৩ ম্যাচে মাঠে নেমেছিলেন অ্যান্তোনি। যেখানে ১২ গোল করেছেন এই ব্রাজিলিয়ান ফুটবলার। অবদান রেখেছেন ২০ গোলে। সবচেয়ে বড় বিষয় আয়াক্সে অ্যান্তোনি খেলেছেন টেন হ্যাগের অধীনে। এ ব্রাজিলিয়ান উইঙ্গারের সক্ষমতা জানেন বলেই রেড ডেভিলদের নতুন কোচ পুরনো শিষ্যকে নিজের সঙ্গে ওল্ড ট্রাফোর্ড যাত্রায় নিজের সঙ্গে রাখতে চাইছেন।
তবে আয়াক্সও তাদের প্লে মেকারকে এত সহজে ছাড়বেন কিনা সেটা নিয়ে সংশয় থেকে যায়। ২০২০ সালে ব্রাজিলের সাও পাওলো থেকে ১৮ মিলিয়ন ইউরো খরচে তাকে দলে ভেড়ায় ডাচ ক্লাবটি। এরপর দুই মৌসুমে আয়াক্সকে তিনি দিয়েছেন প্রত্যাশার চেয়ে বেশি সাফল্য। তার সঙ্গে ডাচদের চুক্তি ২০২৫ সালের জুন পর্যন্ত।
এদিকে দল বদলের বাজারে শুধু ম্যানইউ নয়, তাকে পাওয়ার দৌড়ে আছে আরেক ইংলিশ জায়ান্ট চেলসিও। তাকে দলে ভেড়াতে হলে, আয়াক্সকে রাজি করানোর পাশাপাশি রেড ডেভিলদের লড়াই চালাতে হবে ব্লুজদের বিপক্ষেও।
