জাতীয় ডেস্ক :
গোপালগঞ্জে যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার দায়ে স্বামী সহিদুল মোল্লাকে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত।
রোববার (৩ জুলাই) দুপুরে গোপালগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মো. হায়দার আলী খোন্দকার এ রায় দেন। রায় ঘোষণার সময় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আদালতে অনুপস্থিত ছিলেন।
সহিদুল মোল্লা গোপালগঞ্জ সদর উপজেলার মোচড়া গ্রামের রাঙ্গা মোল্লার ছেলে। তিনি পলাতক।
মামলার বিবরণে জানা গেছে, গোপালগঞ্জ সদর উপজেলার মোচড়া গ্রামের রাঙ্গা মোল্লার ছেলে সহিদুল মোল্লার সঙ্গে একই গ্রামের মো. ছমির গাজীর মেয়ের লাভলী বেগমের বিয়ে হয়। বিয়ের পর থেকে সহিদুল মোল্লা লাভলী বেগমকে যৌতুকের দাবিতে নির্যাতন করে আসছিলেন। কিন্তু রাজি না হওয়ায় সহিদুল ২০১৪ সালের ২০ নভেম্বর ডাক্তারের কাছে যাওয়ার কথা বলে বাড়ির পাশে ফাঁকা মাঠে নিয়ে লাভলীকে গলায় মাফলার পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন।
পরদিন সকালে ঘটনাস্থল থেকে পুলিশ লাভলী বেগমের মরদেহ উদ্ধার করে। ওই দিনই নিহতের বাবা ছমির গাজী জামাই সহিদুল মোল্লাসহ সাতজনকে আসামি করে হত্যা মামলা করেন। পরে পুলিশ দীর্ঘ তদন্ত শেষে ছয় আসামিকে বাদ দিয়ে সহিদুলের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে।
আদালত দীর্ঘ শুনানি শেষে আজ এ রায় ঘোষণা করেন।
