হোম আন্তর্জাতিক পশ্চিমবঙ্গে রথযাত্রা উৎসব উদযাপন

আন্তর্জাতিক ডেস্ক :

ভারতের অন্য রাজ্যগুলোর মতো পশ্চিমবঙ্গ রাজ্যেও যথাযোগ্য ধর্মীয় উদযাপিত হয়েছে রথযাত্রা উৎসব। দু-বছর পর করোনা সংকট কিছুটা কেটে যাওয়ায় সরাসরি রথের দঁড়িতে টান দেওয়ার সুযোগ পান ভক্তরা।

রথযাত্রা উপলক্ষে শুক্রবার (১ জুলাই) সাজানো হয় পুরো কলকাতা শহর। কলকাতার সবচেয়ে বড় রথযাত্রা উৎসবের আয়োজন করে ইসকন। দক্ষিণ কলকাতার ইসকন মন্দির আয়োজিত ভগবান শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব ঘিরে এদিন সকাল থেকেই ছিল বাড়তি উন্মাদনা। ছিল সাজসাজ রব। দলে দলে রথযাত্রা উৎসবে মেতে ওঠেন ভক্তরা।

কলকাতার ইসকন মন্দিরের সামনে থেকে রথের দড়ি টেনে উৎসবের সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। রীতি অনুযায়ী, তিনটি আলাদা আলাদা রথে চড়ে কলকাতা শহর প্রদক্ষিণ করেন ভগবান জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা।

করোনার বিধি-নিষেধ না থাকায় রথের দঁড়িতে টান দিতে পেরেছেন ভক্তরা, তাতেই খুশি রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ। কলকাতার রথের আয়োজনে প্রতি বছরের মতো এবারও নজর কেড়েছেন মুখ্যমন্ত্রী মমতা। তার সঙ্গে ছিলেন তৃণমূল সাংসদ অভিনেত্রী নুসরাত জাহান ও দলের অন্য নেতারাও।

রথযাত্রার দিনেই নিয়ম মেনে অনেকেই দুর্গা পুজোর খুঁটি পুজা করেন। এর মধ্যদিয়ে দেবীর কাঠামো নির্মাণ করে দশভূজা দেবীর পুজোর প্রস্তুতিও শুরু হয়ে গেল এদিন। এদিন যেমন মধ্য কলকাতার নামি পুজো সন্তোষ মিত্র স্কয়ারের কাঠামো পুজো হয়। তেমন উত্তর কলকাতার শ্রীভূম স্পোটিং ক্লাবের পুজোর কাঠামো পুজোর আয়োজনও ছিল চোখে পড়ার মতো। দুটো পুজোর এদিন থিম প্রকাশ করা হয়।

রথযাত্রার দিনে পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দলের শীর্ষ নেতারা নিজেদের মতো করে ভিন্ন এলাকায় রথযাত্রায় অংশ নিয়েছেন। কলকাতা ছাড়াও উত্তর ২৪ পরগনা, নদীয়া, হুগলীর রিষরাতেও এদিন সাড়ম্বরে পালিত হয় রথযাত্রানুষ্ঠান।

করোনার বিধিনিষেধ না থাকলেও গেল ২৪ ঘণ্টায় ভারতের করোনা সংক্রমণ প্রায় ২০ হাজার ছুইছুই। থেমে নেই পশ্চিমবঙ্গ রাজ্যের সংক্রমণও। রাজধানী কলকাতাতেও শেষ ২৪ ঘন্টায় সংক্রমিত হয়েছেন প্রায় ৮০০ মানুষ। করোনার বিধি নিষেধ না থাকায় রথযাত্রা উৎসবের মধ্যদিয়ে নতুন করে সংক্রমণ ছড়িয়ে পরার আশঙ্কা করছেন চিকিৎসক মহল।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন