খেলাধূলা ডেস্ক :
ভয়াবহ বন্যার কবলে পড়েছে দেশের অনেক জায়গা। সুনামগঞ্জ ও সিলেট দিয়ে শুরু হলেও পরবর্তীতে দেশের উত্তরাঞ্চলসহ অধিকাংশ নিম্নাঞ্চল ডুবেছে ভয়ঙ্কর বন্যায়। পানিবন্দি লাখ লাখ মানুষ মানবেতর জীবন কাটাচ্ছে। জীবনরক্ষার রসদ হিসেবে সরকারি-বেসরকারি ও ব্যক্তিগত পর্যায়ে দেওয়া ত্রাণ সামগ্রীর ওপরই ভরসা করে আছে তারা। সেই ত্রাণ কার্যক্রমে এবার নিজেকে যুক্ত করলেন বাংলাদেশ ক্রিকেট দলের তারকা মুশফিকুর রহিম।
বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষকে নিজেদের জায়গা থেকে সাহায্য করছেন অনেকেই। সরকারের পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংঘটনও এই কাজে নিজেদের শ্রম ও অর্থ ঢেলে দিচ্ছে। বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণকাজে যুক্ত এমনই একটি স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে নিজের এক মাসের বেতন বন্যার্তদের সাহায্যে দিয়েছেন মুশফিক। সিলেট ও সুনামগঞ্জে ত্রাণকাজ পরিচালনা করা সেই সংগঠনের এক কর্মী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, জানিয়েছেন, ‘মুশফিক ভাইয়ের কাছ থেকে আমরা ৬ লাখ টাকা পেয়েছি। দেড় হাজার পরিবারকে আমরা এই টাকা দিয়ে সহায়তা করবো। তাদের রান্না করা খাবার সরবরাহ করবো।’
সিলেট ও সুনামগঞ্জ স্মরণকালের ভয়াবহ বন্যায় আক্রান্ত হলে গত ১৮ জুন নিজের ফেসবুক পাতায় বানভাসী মানুষদের সমবেদনা জানিয়ে লেখেন, ‘বন্যায় ক্ষতিগ্রস্ত সিলেটসহ দেশের অন্যান্য অঞ্চলের জন্য দোয়া করছি। মহান আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন এবং আমাদের এ অবস্থা থেকে রক্ষা করুন। আসুন আমরা সবাই ক্ষমা প্রার্থনা করি এবং আমাদের প্রিয়জনের জন্য প্রার্থনা করি।’
মুশফিকের পাশাপাশি অবশ্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডও বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে। গত ২১ জুন বন্যার্তদের জন্য পাঁচ হাজার প্যাকেট খাদ্য সামগ্রী ও নিত্য প্রয়োজনীয় পণ্যসামগ্রী পাঠায় সংস্থাটি।
বাংলাদেশ ক্রিকেট দল এ মুহূর্তে ওয়েস্ট ইন্ডিজ সফরে থাকলেও মুশফিক এই সফরে দলের সঙ্গে নেই। পবিত্র হজ পালনের জন্য তিনি ওয়েস্ট ইন্ডিজ সফরের দল থেকে ছুটি নিয়েছেন।
