খেলাধূলা ডেস্ক :
বিসিসিআইয়ের নতুন সম্প্রচার স্বত্ব থেকে অনুপ্রাণিত আইসিসি। এবার আলাদাভাবে ডিজিটাল স্বত্ব বিক্রির পরিকল্পনা করছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাও। এছাড়া, পুরুষ ও নারী ক্রিকেটের জন্য থাকবে আলাদা প্যাকেজ।
নতুন সম্প্রচার স্বত্বে ক্রিকেট বিশ্বে হইচই ফেলে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ৪৮ হাজার ৩৯০ কোটি ৫০ লাখ রুপিতে ৫ বছরের জন্য আইপিএলের মিডিয়া স্বত্ব বিক্রি করেছে বিসিসিআই। আইপিএলের নতুন সম্প্রচার স্বত্ব অনুযায়ী, ম্যাচ প্রতি ১১৫ কোটি রুপির বেশি পাবে বিসিসিআই। যেখানে ম্যাচ প্রতি পিএসএল থেকে পিসিবির আয় ৩ কোটি রুপিরও কম। সৌরভ গাঙ্গুলির বোর্ডের ব্লকবাস্টার সেল নতুনভাবে ভাবাচ্ছে অন্যদের।
ভারতীয় বাজার ধরতে মেগা পরিকল্পনা করছে আইসিসি। পরবর্তী আট বছরের চক্রের স্বত্ব বিক্রির জন্য ইন্ডিয়ান সম্প্রচার প্রতিষ্ঠানগুলোর সঙ্গে এ সপ্তাহেই যোগাযোগ শুরু করবে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। যার দরপত্র আহ্বান করা হবে ২০ জুন। ২২ আগস্ট টেন্ডার জমা দেয়ার পর সেপ্টেম্বরে প্রকাশ হবে সম্প্রচার প্রতিষ্ঠানের নাম। অন্যান্য দেশের মিডিয়া স্বত্বের জন্য এবার থাকবে আলাদা প্যাকেজ।
আইপিএলের আদলে কয়েকটি ক্যাটাগরিতে সম্প্রচার স্বত্ব বিক্রি করতে চায় আইসিসি। এবারই প্রথম পুরুষ ও নারী ক্রিকেটের ইভেন্টগুলোর আলাদা স্বত্ব বিক্রি করা হবে। ২০২৪ থেকে ২০৩১ সাল পর্যন্ত এর বাইরে ডিজিটাল রাইটসও বিক্রি হবে প্রথমবারের মতো।
নতুন আইডিয়ায় আইপিএলের প্রতি ম্যাচের আয়ের হিসেবে ইংলিশ প্রিমিয়ার লিগকে পেছনে ফেলেছে ভারতীয় বোর্ড। একইরকম লাভবান হওয়ার আশায় বিসিসিআইয়ের কাছ থেকে পরামর্শ নিয়েছে আইসিসি। আন্তর্জাতিক ক্রিকেটের অভিভাবক সংস্থা আইসিসি হলেও, মূলত ক্রিকেট দুনিয়ায় রাজত্ব যে ভারতেরই।
