জাতীয় ডেস্ক :
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, পদ্মাসেতু নির্মাণের ফলে শুধু দক্ষিণাঞ্চলের ২১ জেলা নয়, বরং সারা বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় বৃদ্ধি পাবে।
শনিবার (১১ জুন) মৌলভীবাজারের বড়লেখা উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বাস্তবায়নাধীন ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা’ শীর্ষক কর্মসূচির আওতায় ২০২১-২২ অর্থবছরের জন্য বরাদ্দকৃত উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল, শিক্ষাবৃত্তির চেক এবং মন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিল থেকে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
পরিবেশমন্ত্রী বলেন, পদ্মাসেতু নির্মাণে দুর্নীতির বিষয়ে বিশ্বব্যাংকের অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়েছে। প্রধানমন্ত্রী জনগণের শক্তি কাজে লাগিয়ে বিশ্বের অন্যতম খরস্রোতা নদীতে এ সেতু নির্মাণ করেছেন। গভীর পাইলিং সমৃদ্ধ পদ্মা সেতু বড় ধরনের ভূমিকম্প সহনশীল ও টেকসই হবে। পদ্মাসেতু উদ্বোধনের মতো জাতীয় উৎসবের উপলক্ষ্য দেশের ইতিহাসে আর হয়নি।
তিনি বলেন, রাজধানীতে নির্মাণাধীন মেট্রোরেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র এবং কর্ণফুলী টানেলসহ একসঙ্গে চলমান অনেক মেগাপ্রকল্প বাংলাদেশের সক্ষমতার প্রমাণ। সারা বিশ্ব অবাক হয়ে দেখছে আমরা এখন আর ভিক্ষা নেই না বরং ভিক্ষা দিতে পারি। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় পরিণত হচ্ছে দেশ। বিধবা ভাতা, ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাতা, মাতৃত্বকালীন ভাতাসহ সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতা ও পরিমাণ বাড়ানো হয়েছে।
মন্ত্রী বলেন, কোভিড-১৯ ও ইউক্রেনে চলমান যুদ্ধের কারণে বৈশ্বিক বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয়েছে।
তিনি এসময় অন্যায় ও অযৌক্তিকভাবে দ্রব্যমূল্য বাড়ানোর ব্যাপারে ব্যবসায়ীদের প্রতি হুঁশিয়ারি দেন।
বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মুদাচ্ছির বিন আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ, পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী এবং সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর প্রমুখ।
