জাতীয় ডেস্ক :
ঝালকাঠির রাজাপুরে জুমার নামাজ শেষে বাসায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় শাহ আলম হাওলাদার (৫০) নামের এক কাঠমিস্ত্রি নিহত হয়েছেন। শুক্রবার (২০ মে) জুম্মার নামাজের পর উপজেলার গালুয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
শাহ আলমের বড় ভাই নুরুজ্জামান হাওলাদার বলেন, শাহ আলম জুমার নামাজ শেষে দোয়া শেষ করে মসজিদ থেকে বের হয়ে বাড়িতে ফিরছিলেন। গুরুতর আহত অবস্থায় একটি শিশু তাকে রাস্তার পাশে পড়ে থাকতে সবাইকে খবর দেয়। এ সময় স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পরে পুলিশ এসে মরদেহ রাজাপুর থানায় নিয়ে যায়। তবে কীভাবে দুর্ঘটনা ঘটেছে তা কেউ বলতে পারছে না। ধারণা করা হচ্ছে, দ্রুতগামীর কোনো গাড়ি তাকে চাপা দিয়ে চলে যায়।
রাজাপুর থানার পরিদর্শক পুলক চন্দ্র রায় বলেন, শাহ আলমকে গাড়িতে চাপা দিয়ে ফেলে রেখে চলে যায়। তার মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
